কাবাডির 'শিলালিপি'

বলিউডের সিনেমা ‘তিস মার খান’-এর জনপ্রিয় গানটা মনে আছে? সুনিধি চৌহানের গাওয়া ‘মাই নেম ইজ শিলা...।’ গানটা যতই জনপ্রিয় হয়েছে, ততই বেড়েছে তাঁদের বিড়ম্বনা। গানের কলির সঙ্গেই যে জড়িয়ে তাঁদের নাম!
গল্পটা হতে পারত শুধুই কাবাডির শিলাদের নিয়ে। কিন্তু বিজেএমসির (বাংলাদেশ জুট মিলস করপোরেশন) আবাসিক ক্যাম্পে আছেন হ্যান্ডবলের শিলাও। তাঁর কাছেই জানা গেল, হ্যান্ডবলে আরও একজন শিলা আছেন শফিপুর আনসার একাডেমির ক্যাম্পে।
এই শিলাদের জীবনের একটা বড় অংশজুড়ে আছে অনুশীলন, ক্যাম্প আর জয়-পরাজয়ের খেলা। শিলা নামের অ্যাথলেটদের খোঁজে ডেমরায় বিজেএমসির আবাসিক ক্যাম্পে গিয়ে দেখা মিলল কুষ্টিয়ার ফারহানা সুলতানা শিলা, মুন্সিগঞ্জের শিলা আক্তার, রাজশাহীর ফাতেমা আক্তার শিলা ও মাদারীপুরের শিলা রায়ের। আরেকজন যশোরের কামরুন নাহার শিলা, যিনি আনসারের হ্যান্ডবল খেলোয়াড়।
কুষ্টিয়ার শিলা কাবাডি থেকে অবসর নিয়েছেন সর্বশেষ বাংলাদেশ গেমসে খেলে। জাতীয় দলের অন্যতম সেরা সাইক্লিস্ট। ফুটবলও খেলতেন। বাংলাদেশের মহিলা ফুটবল দলের হয়ে প্রথম গোলটি করেছেন তিনি। সাইক্লিং দিয়ে শুরু হলেও মুন্সিগঞ্জের শিলা বর্তমানে কাবাডিই খেলেন। খেলেছেন অ্যাথলেটিকস ও হ্যান্ডবল। গত এসএ গেমসের কাবাডি দল থেকে বাদ পড়ার পর আবারও জাতীয় দলে ফিরেছেন সামর্থ্যের প্রমাণ দিয়েই।
রাজশাহীর শিলাকে ‘অলরাউন্ডার’ই বলা যায়। ছোটবেলা থেকেই দুরন্ত ছিলেন বলে বাবা তাঁকে খেলাধুলায় পাঠান। রাজশাহী পুলিশ লাইন স্কুলের বার্ষিক ক্রীড়ায় দৌড়, শটপুট, হাইজাম্প, লংজাম্প, হ্যান্ডবল কোনোটি বাদ দিতেন না। আগে কারাতেও খেলতেন, জুনিয়রে চ্যাম্পিয়ন হয়েছেন। যশোরের শিলার শুরুটা হ্যান্ডবল দিয়ে। মাঝে টানা তিন বছর জাতীয় দলে কাবাডি আর ফুটবল খেলেছেন। পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় দুটিই বাদ দেন। এখন শুধুই হ্যান্ডবল নিয়ে আছেন। মাদারীপুরের শিলা একটু ব্যতিক্রম। হ্যান্ডবল ছাড়া আর কোনো খেলা তাঁকে টানে না।
এতজন শিলা! অনুশীলনের সময় একজনকে ডাকলে অন্যজন ফিরে তাকান! স্বাভাবিকভাবেই তাই হয়েছে বিচিত্র সব নামকরণ। কেউ ‘বড় শিলা’, কেউ ‘বুড়ি শিলা’, কেউ আবার ‘মুন্সি শিলা’ নামে পরিচিত। বিজেএমসিতে উপাধি ছাড়া কোনো শিলাই নেই!
মুন্সিগঞ্জ বাড়ি বলে কাবাডি কোচ সুবিমল চন্দ্র শিলা আক্তারকে উপাধি দিলেন ‘মুন্সি শিলা’। বিরক্ত হয়ে শিলা একবার মাকে বললেন, ‘আমাকে কেন আরেকটা নাম দাও না মা? সবাই মুন্সি শিলা বলে ডাকে বলে রাগ লাগে।’
সিনিয়র হিসেবে কুষ্টিয়ার ফারহানা সুলতানাকে বড় শিলা বলে ডাকা হয়। ছোট শিলাদের কাছে যিনি আদর্শ এক অ্যাথলেট। কাবাডিতে জাতীয় ও অন্যান্য প্রতিযোগিতা মিলিয়ে জিতেছেন ৬৮টি সোনা। সাইক্লিংয়ে জাতীয় চ্যাম্পিয়ন, ভারতে দক্ষিণ এশিয়ান চ্যাম্পিয়নশিপে জিতেছেন দুটি রুপা। ফারহানা এরই মধ্যে একটা বোন জুটিয়ে ফেলেছেন। সেই বোন রাজশাহীর ফাতেমা আক্তার শিলা, যাঁকে সবাই চেনে ‘বুড়ি শিলা’ নামে। একবার আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলতে দেশের বাইরে গিয়েছিলেন বড় শিলা। যাওয়ার সময় ৫০ হাজার টাকা রেখে যান ফাতেমা আক্তার শিলার কাছে। ফিরে এসে টাকাগুলো ঠিকঠাকভাবে ফেরত পেয়েছিলেন। খুশি হয়ে এই শিলাকে ডাকা শুরু করেন ‘বোন’ বলে। ফারহানার কাছে ফাতেমা আক্তারের কৃতজ্ঞতার শেষ নেই, ‘আমাকে একবার অন্যরা রুম থেকে বের করে দিয়েছিল, তখন শিলা আপুই আশ্রয় দিয়েছিলেন। বলেছিলেন, তুই আমার বোন। এরপর টাকাগুলো ফিরিয়ে দেওয়ায় আস্থা আরও বেড়ে গেল।’ মুন্সিগঞ্জের শিলা আক্তার নামগুলোর আলাদা মাহাত্ম্য খুঁজে পেয়েছেন, ‘নামে নাম টানে। তাই সবাই ভালো খেলার চেষ্টা করি সব সময়।’
‘শিলার দল’ একসঙ্গে হলে নিশ্চয়ই তুমুল আড্ডা হয়? শিলা আক্তারের উত্তর, ‘খুব ভালো লাগে। মনে হয় আমাদের দলটা অনেক ভারী। সহজে আমাদের কেউ কিছু বলতেও পারে না। আমরা খুব ভালো বন্ধুও।’
নামবিভ্রাটে বেশি বিড়ম্বনায় পড়তে হয় মাদারীপুরের শিলা রায়কে। প্রথমে সবাই তাঁকে মুসলিম ভাবেন। খাবার মেন্যুতে গরুর মাংসও বরাদ্দ থাকে। কিন্তু রায় পদবিই ভুলটা ভাঙিয়ে দেয় সবার।
পরিবার ছেড়ে সবাই থাকেন দূরে। তাই খেলার মধ্যেই আনন্দ খুঁজে নেন শিলারা।