কাভানি সিটিতেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুঞ্জনটা শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। নাপোলির এডিনসন কাভানি যোগ দিচ্ছেন ম্যানচেস্টার সিটিতে! তবে এটা যে আর গুঞ্জন থাকছে না, সেটাই পরিষ্কার হলো সিটির প্রধান নির্বাহী ফেরান সোরিয়ানোর কথায়। সোরিয়ানো জানিয়েছেন, উরুগুইয়ান স্ট্রাইকারের সঙ্গে প্রাথমিক কথাবার্তাও সেরে রেখেছে ম্যান সিটি। অপেক্ষা শুধু নতুন কোচ হিসেবে ম্যানুয়েল পেলেগ্রিনির দায়িত্ব নেওয়ার। সোরিয়ানো আভাস দিয়েছেন, চিলিয়ান এই কোচ মালাগা ছেড়ে এসে সিটির দায়িত্ব নেওয়ার পরই কাভানির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হয়ে যাবে। সদ্য শেষ হওয়া সিরি ‘আ’তে ৩৪ ম্যাচে ২৯ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন কাভানি। আগের দুই মৌসুমেও ছিল তাঁর দুর্দান্ত পারফরম্যান্স। জানুয়ারিতে এসি মিলানের কাছে বিক্রি করে দেওয়া স্ট্রাইকার মারিও বালোতেল্লির শূন্যস্থানে এমন একজনকেই খুঁজছিল ম্যান সিটি। ট্রান্সফার ফি কত হবে তা নিয়ে আপাতত মুখ খুলতে রাজি হননি কেউ। যদিও কয়েকটি ব্রিটিশ দৈনিক এরই মধ্যে আভাস দিয়েছে, নাপোলিকে নির্দিষ্ট একটা অঙ্কের ট্রান্সফার ফির সঙ্গে বসনিয়ান স্ট্রাইকার এডিন জেকোকেও দেবে বিনিময় হিসেবে সিটি। তা-ই যদি হয়, তাহলে কাভানির দামটা সব মিলিয়ে ৫০ মিলিয়ন পাউন্ডের কম হবে না! ওয়েবসাইট।