কামড় দেননি সুয়ারেজ!

কামড়-কাণ্ডের পাঁচ দিন পেরিয়ে গেছে। কিন্তু বাইরে আনুষ্ঠানিকভাবে কিছুই বলেননি লুইস সুয়ারেজ। তবে ফিফার শৃঙ্খলা কমিটির সামনে গিয়ে তো আত্মপক্ষ সমর্থন করতে হয়। সেখানে নিজেকে নির্দোষ দাবি করেছেন, ‘ওই সময় আমি ভারসাম্য হারিয়ে ফেলেছিলাম। এ জন্যই ওর শরীরের ওপর পড়ে যাই। ওই মুহূর্তে মুখে ওর শরীরের আঘাত লাগে, হালকা আঁচড় পড়ে আমার মুখে এবং দাঁতে খুব ব্যথা পাই।’
সুয়ারেজের এই দাবি ফিফার কাছে যৌক্তিক মনে হয়নি। হয়নি বলেই তাঁকে সর্বোচ্চ শাস্তি দিয়েছে। নয়টি আন্তর্জাতিক ম্যাচের নিষেধাজ্ঞা, চার মাস সমস্ত ফুটবল কর্মকাণ্ডে অবাঞ্ছিত ঘোষিত হয়েছেন এবং আর্থিক জরিমানা করা হয়েছে এক লাখ ১২ হাজার ডলার। এত বড় শাস্তি তাঁর না-ও হতে পারত। যদি সুয়ারেজ কৃতকর্মের জন্য অনুতপ্ত হতেন, অনুশোচনা করতেন। কিন্তু কখনোই তিনি দুঃখ প্রকাশ করেননি, বিন্দুমাত্র অনুতপ্ত হননি।
সুয়ারেজের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। ফেসবুক, টুইটারসহ অন্যান্য সামাজিক গণমাধ্যমে সুয়ারেজের সমালোচনা হচ্ছে। তাঁর ছবি বিকৃত করে, রসাত্মকভাবে অনেকে ফেসবুকে তুলে দিচ্ছেন। অথচ উরুগুয়েতে ফিরে তিনি পেয়েছেন বীরের সংবর্ধনা । ভক্ত-সমর্থকেরা তাঁকে স্বাগত জানিয়েছে, পরিবার তো তাঁর পাশেই আছে। আর এত কিছুর পরও তাই টুইটারে সুয়ারেজ ধন্যবাদ জানিয়েছেন সবাইকে, ‘যাঁরা আমাকে সমর্থন দিয়েছেন, ভালোবেসেছেন, তাদের সবাইকে ধন্যবাদ।’ নিজের বাড়ির বারান্দায় দাঁড়িয়ে হাত নেড়ে সমর্থকদের উদ্দেশে বলেছেন, ‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য। কলম্বিয়ার সঙ্গে ম্যাচের আগে সতীর্থরা যেভাবে আমাকে সমর্থন করেছে তাতে সবাইকে ধন্যবাদ দিতে চাই।’
দেশবাসীকে তো পাশে পাচ্ছেনই। সুয়ারেজ এবার পাশে পেলেন লাতিন আমেরিকার ১৯ দেশের বিচারকদের সংগঠন রেড লাতিনোমেরিকানা ডে জুয়েসেস (রেডলাজ)। এই সংগঠন বলছে সুয়ারেজকে যে শাস্তি দিয়েছে ফিফা, তা বৈষম্যমূলক এবং অপরাধের মাত্রার চেয়ে বেশি, যা তাঁর কাজের অধিকারে প্রভাব ফেলবে। সূত্র: এএফপি, মেইল অনলাইন, গোলডটকম।