কামড়কাণ্ডে সুয়ারেজকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেলসি ডিফেন্ডার ব্রানিস্লাভ ইভানোভিচকে কামড় দেওয়ায় লুইস সুয়ারেজকে জরিমানা করেছে তাঁর ক্লাব লিভারপুল। তবে জরিমানার অঙ্কটা প্রকাশ করা হয়নি।আজ সোমবার বিবিসির খবরে বলা হয়, সুয়ারেজকে জরিমানা করা হলেও লিভারপুল তাঁকে বিক্রি করবে না। কামড় দেওয়ার ঘটনা ক্লাবে সুয়ারেজের ভবিষ্যতের ওপর কোনো প্রভাব ফেলবে কি না, এমন প্রশ্নে লিভারপুলের ব্যবস্থাপনা পরিচালক ইয়ান আইয়ার বলেন, ‘মোটেই না। তবে তার শৃঙ্খলা নিয়ে এখন কাজ করতে হবে আমাদের।’আইয়ার জানান, সুয়ারেজের বিতর্কিত কাণ্ডের পর ক্লাবের মালিকের সঙ্গে কথা বলেছেন তাঁরা। তবে উরুগুইয়ান এই ফরোয়ার্ডকে বিক্রি করে দেওয়ার মতো নির্দেশনা তিনি দেননি। আইয়ার বলেন, ‘লুইস (সুয়ারেজ) একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। গত মৌসুমে সে আমাদের সঙ্গে চার বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। আমরা চাই, চুক্তির পুরো সময় সে আমাদের সঙ্গে থাকুক। তাই তার জায়গায় কোনো ধরনের পরিবর্তন আসছে না।’অ্যানফিল্ডে গতকাল রোববার চেলসির বিপক্ষে লিভারপুলের ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের একপর্যায়ে ইভানোভিচকে কামড়ে দেন সুয়ারেজ। খেলা শেষে অবশ্য সুয়ারেজ নিজেই ইভানোভিচের কাছে গিয়ে ওই ঘটনার জন্য ক্ষমা চান।কামড়কাণ্ডে যথেষ্টই অনুতপ্ত সুয়ারেজ। তিনি নিজেও ব্যাপারটা ‘ক্ষমার অযোগ্য’ আচরণ বলে অভিহিত করেন। গতকাল তিনি বলেন, ‘ক্ষমার অযোগ্য এই আচরণের জন্য ইভানোভিচ তো বটেই, লিভারপুলের কোচ, অন্যান্য সতীর্থ ও সমর্থকের কাছে ক্ষমা চাইছি। আমি সত্যি এই আচরণের জন্য লজ্জিত।’ক্ষমাপ্রার্থনা ও লিভারপুলের জরিমানার ওপর দিয়েই সুয়ারেজ পার পেয়ে যাচ্ছেন, এমনটা অবশ্য নয়। প্রফেশনাল ফুটবলারস অ্যাসোসিয়েশন (পিএফএ) আজ জানিয়েছে, ম্যাচ অফিশিয়ালদের প্রতিবেদন ও ঘটনার ভিডিও ফুটেজ দেখার পর সুয়ারেজের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।