কামরান আকমল জেতালেন পাকিস্তানকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অশ্বিনের ঘূর্ণিতে ৯১ রানে ৫ উইকেট হারিয়ে বসেছিল পাকিস্তান। শেষ ৪৮ বলে পাকিস্তানের প্রয়োজন ছিল ৯১ রান। এমন একটি পরিস্থিতিতে পাকিস্তানকে দারুণ এক জয় এনে দিলেন কামরান আকমল। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারানোর তৃপ্তি ও আত্মবিশ্বাস নিয়েই অভিযাত্রা শুরুর একটা সুযোগ পেল ২০০৯ সালে ক্রিকেটের ক্ষুদ্রতম এই ফরম্যাটের বিশ্বকাপজয়ীরা। কামরান আকমল অপরাজিত থাকেন ৫০ বলে ৯২ রান করে। ১৮ বলে ৩৭ রান করে তাঁকে দারুণ সঙ্গ দেন শোয়েব মালিক। ভারতের রবিচন্দ্রন অশ্বিন ২৩ রানে ৪ উইকেট নিয়েও পারেননি দলকে জয়ের মঞ্চে দাঁড় করাতে।কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই গা-গরমের ম্যাচে পাকিস্তানের সামনে ১৮৬ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিয়েছিল ভারত। তবে শুরুটা একেবারেই ভালো হয়নি তাদের। দলীয় মাত্র ৩৩ রানেই ওপেনার ইমরান নাজির ও ওয়ান ডাউন নাসির জামশেদকে হারিয়ে বসে পাকিস্তান। তৃতীয় উইকেটে ৫১ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন আরেক ওপেনার মোহাম্মদ হাফিজ ও কামরান আকমল। কিন্তু ১০ম ওভারে পাকিস্তানের জন্য ভয়াবহ বিপর্যয় বয়ে আনেন রবি চন্দ্রন অশ্বিন। এক ওভারেই অধিনায়ক হাফিজ ও শহীদ আফ্রিদিকে সাজঘরে পাঠান এই ডানহাতি অফস্পিনার। নিজের পরের ওভারে উমর আকমলের উইকেটও তুলে ভারতকে ভালো অবস্থানে নিয়ে গিয়েছিলেন অশ্বিন। তবে এরপর ষষ্ঠ উইকেটে ৯৫ রানের ম্যাচজয়ী এক জুটি গড়ে পাকিস্তানকে দারুণ এক জয় এনে দেন কামরান আকমল ও শোয়েব মালিক। এই রান তাঁরা করেন মাত্র ৭.৪ ওভারে। ৯২ রানের অপরাজিত ইনিংসটি খেলার পথে পাঁচটি চার ও ছয়টি ছয়ের মার মেরেছেন আকমল।