কামরান আকমলের ওপর বাটের আস্থা
ব্যাটসম্যানদের লজ্জাজনক ব্যাটিংয়ে ইংল্যান্ডের বিপক্ষে সবচেয়ে বেশি রানের ব্যবধানে হেরেছে পাকিস্তন। তবে এ হারের জন্য সবচেয়ে বেশি দায়ী করা হচ্ছে উইকেটরক্ষক কামরান আকমলকে—ইংল্যান্ড প্রথম ইনিংসে ব্যাট করার সময় তিনটি নিশ্চিত সুযোগ পেয়ে তিনটিই হাতছাড়া করার কারণে। তবে আকমলের ওপর এখনো আস্থা আছে বলে জানিয়ে দিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান বাট।হারের কারণ সম্পর্কে বলতে গিয়ে বাট ক্রিকইনফোকে বলেন, ‘বড় দলের বিপক্ষে বেশ কয়েকটি ভুল করেছেন কামরান, যার মাশুল আমাদের দিতে হয়েছে। কঠিন পরিস্থিতিতে এ ভুলের পর তরুণদের কাছ থেকে খুব বেশি প্রত্যাশা করা যায় না।’ এর পরই বাট যোগ করেন, ‘কামরানকে অবশ্যই ব্যর্থতা কাটিয়ে উঠতে হবে। আমাদের বিশ্বাস, তাঁর মতো ক্রিকেটারের এই সামর্থ্য রয়েছে।’প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ১৮২, আর দ্বিতীয় ইনিংসে ৮০ রানেই অলআউট! কিন্তু কামরান আকমল প্রথম দিন তিনটি সুযোগ মিস না করলে ইংল্যান্ডে পরিণতিও যে একই হতে পারত! পঞ্চম ওভারেই অ্যান্ড্রু স্ট্রাউসকে ফিরিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন, কিন্তু ধরতে পারেননি আকমল। দ্বিতীয় ইনিংসে করেছেন সবচেয়ে বড় ভুলটি। পাঁচ রানে থাকা এউইন মরগানকে নিশ্চিত আউট করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। উইকেটরক্ষকের ভুলের মাশুল গুনতে হয়েছে পাকিস্তানকে। এই মরগান দিন শেষে অপরাজিত থাকেন ১২৫ রানে, আউট হন ১৩০ রান করে। আকমল প্রথম দিনের শেষ ভুলটি করেন কলিংউডকে স্টাম্পিং করতে ব্যর্থ হওয়ার মাধ্যমে। তখন ৪৮ রান ছিলেন কলিংউড, কামরানের ভুলে শেষ পর্যন্ত ইংল্যান্ডের এই ব্যাটসম্যান সংগ্রহ করেন ৮২ রান।তার পরও কামরানের প্রতি আস্থার কারণ হিসেবে বাট তুলে এনেছেন পুরোনো ইতিহাস, ‘অস্ট্রেলিয়া সফরেও একই অবস্থা হয়েছিল। কিন্তু ঠিকই ভালোভাবে ফিরে এসেছিলেন কামরান। এবার কেবল একটি ম্যাচ খারাপ হয়েছে। আগের মতো এবারও ভালোভাবে ফেরার সুযোগ কামরানের সামনে রয়েছে।’