কামরান একাই দায়ী নয়: ওয়াকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলার মাঠে মানুষের বাজে দিন আসে। কিন্তু, উইকেটের পেছনে দাঁড়িয়ে কাল কামরান আকমল যা করলেন, তাকে আপনি কি বলবেন? অসতর্কতা নাকি ব্যর্থতা? একে ব্যর্থতা বলাটাই বোধ হয় সবচেয়ে ভালো। এটা এমনই ব্যর্থতা যার খেসারত দিতে হয়েছে গোটা দলকেই।নিউজিল্যান্ডের ব্যাটসম্যান রস টেইলর কাল দানবীয় ব্যাটিংয়ের মাধমে কবর চাপা দিয়ে দিয়েছেন বিশ্বকাপে পাকিস্তানের টানা চতুর্থ জয়ের স্বপ্ন। টেইলর ও জ্যাকব ওরাম শেষ পাঁচ ওভারে নব্বইয়ের বেশি রান তুলেছেন, বিশ্বসেরা তকমাধারী পাকিস্তানি বোলিং আক্রমণের বিপক্ষে। শোয়েব আকতার, আবদুল রাজ্জাক আবদুর রেহমান-এই তিনজনের ওপরই টেইলর ও ওরামের ক্ষোভটা যেন বেশি ঝড়ে পড়েছে। টেইলর ১৩১ রান করে ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ের সাক্ষর রেখে কিউইদের বিজয়ে রেখেছেন সবচেয়ে বড় অবদান। অথচ, এই রস টেইলরই ফিরে যেতে পারতেন ব্যক্তিগত শূন্য রানে, ফিরে যেতে পারতেন আট রানের মাথায়। কিন্তু কামরান আকমলের দুটি অভাবনীয় ক্যাচ মিসের সুযোগটা টেইলর নিয়েছেন বড় নির্মমভাবে।দলের কোচ ওয়াকার ইউনুস ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পরাজয়ের দায়ভার কামরানের ওপর চাপাতে চাননি। তিনি বলেছেন, ‘কামরান বাজে কিপিং করলেও সব দায় ওঁর ওপর চাপানো একটু নির্মমতার পর্যায়েই পড়ে।’শুধু কি গতকাল, বেশ কিছুদিন ধরেই উইকেটের পেছনে কামরান আকমলের গ্লাভসে যেন মাখন মাখানো থাকে। গ্লাভস দুটি তাঁর এতটাই পিচ্ছিল হয়ে উঠেছে যে ওতে যা যাচ্ছে বেশিরভাগই পিছলে যাচ্ছে। বিশ্বকাপেই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটিতে আবদুর রেহমানের বলে দুটি স্ট্যাম্পিং সুযোগ নষ্ট করেছিলেন তিনি। নেহাতই দল সেই ম্যাচে জয় পেয়েছিল, নয়তো কামরান আকমলকে তুলোধুনো হতে হতো আরো বাজেভাবেই।কামরান সম্পর্কে ওয়াকার বলেছেন,‘গতকাল কামরান যেসব ক্যাচ মিস করেছে তা হেসে খেলেই ধরা যায়, এমনকি ক্রিকেটার হওয়ারও প্রয়োজন পড়ে না ওসব ক্যাচ ধরতে। তবে ক্রিকেটে কোনো খেলোয়াড়ের বাজে দিন আসতেই পারে। তবে, এটা বলতেই হয়, কামরান আকমলের ওসব মিসই ম্যাচ থেকে পাকিস্তানকে ছিটকে দিয়েছে।’উইকেট কিপিংয়ে ব্যর্থ, ব্যাট হাতেও বিশেষ কিছু করতে পারছেন না, পরের ম্যাচগুলোতে তাঁর একাদশে থাকা, না থাকা নিয়ে ইতিমধ্যেই জোর বিতর্ক উঠে গেছে। অনেকে দাবি করছেন, কামরানকে দল থেকে বাদ দেওয়ার। তবে এসব দাবি-দাওয়া, আলোচনা, সমালোচনা একপ্রকার উড়িয়েই দিয়েছেন কোচ ওয়াকার। তিনি বলেন, ‘এই মুহূর্তে কামরান আকমলকে একাদশ থেকে বাদ দেওয়ার কোনো চিন্তাই আমাদের মাথাতে নেই।ওয়াকারের মতে, বিশ্বকাপের মাঝ পথে কামরান আকমলকে দল থেকে বাদ দেওয়ার বিলাসিতা আমরা দেখাতে পারি না। এ ব্যাপারে কোনো মতামত থাকলে, তা নিয়ে বিশ্বকাপের পর ভাবা যাবে।’খেলার মাঝখানে নার্ভ হারিয়ে ফেলাই কাল পাল্লেকেল্লেতে পাকিস্তানের হারের সবচেয়ে বড় কারণ হিসেবে অভিহিত করেছেন ওয়াকার ইউনুস। তাঁর মতে, ‘খেলার সময় নার্ভ হারিয়ে ফেলা খুব বাজে ব্যাপার। যতো বাজে সময়ই আসুক, আমাদের প্যানিক হওয়া চলবে না, মাথা ঠান্ডা রাখতে হবে। আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’ ওয়েবসাইট।