কামরানকে বাদ দেওয়া কঠিন ছিল: বাট
প্রথম টেস্টের প্রথম দিন তিনটি সুযোগ মিস করেছিলেন, ব্যাট হাতেও সেই টেস্টে সফল হননি কামরান আকমল। খারাপ পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়তে হয়েছে এই উইকেটকিপারকে। দ্বিতীয় টেস্টের দল থেকে কামরান আকমলকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কঠিন ছিল বলে মন্তব্য করেছেন পাকিস্তানের অধিনায়ক সালমান বাট।প্রথম টেস্টে ৩৫৪ রানে হার। দ্বিতীয় টেস্টেও হারের প্রহর গুনছে পাকিস্তান। কামরান আকমলকে দলের বাইরে রাখা প্রসঙ্গে সালমান বাট গতকাল বলেন, ‘সব ধরনের ক্রিকেটে পাকিস্তান দলের অন্যতম সেরা ব্যাটসম্যান কামরান। কামরানকে দলের বাইরে রাখা কঠিন ছিল।’ তাহলে কি কামরানকে দলের বাইরে পাঠিয়ে অনুশোচনা হচ্ছে পাকিস্তানের? তবে বাট বলছেন, ‘কামরানকে দল থেকে বাদ দেওয়া হয়নি, বিশ্রাম দেওয়া হয়েছে। ফর্মহীনতার কারণে তাঁর জন্য বিশ্রাম অপরিহার্য ছিল।’দ্বিতীয় টেস্টের দলে কামরানকে না নেওয়ায় সাবেকদের অনেকেই নির্বাচকদের সমালোচনা করেছিলেন। তবে পাকিস্তানের নতুন অধিনায়কের দাবি, দলে না থাকায় কামরান বরং উপকৃতই হয়েছেন। বাট বলছেন, ‘যখন কোনো ক্রিকেটার ফর্মে থাকেন না, আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন, তখন প্রতিদিন চাপ সহ্য করে খেলে যাওয়া তাঁর জন্য সহজ কাজ নয়। আমি মনে করি, তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্তটি যথার্থ ছিল। নিজেকে নিয়ে ভাবতে পারবেন কামরান। নিজের ফর্ম ফিরিয়ে আনতে এ বিশ্রাম তাঁকে অনেকটাই সহায়তা করবে।’—ওয়েবসাইট