কামালের তৃপ্তি-অতৃপ্তি
সরকারকে জানিয়ে দিয়েছেন আর দায়িত্ব পালন করতে চান না। তাই বলে এখনই বিসিবির সাবেক সভাপতি হয়ে যাননি আ হ ম মুস্তফা কামাল। তিনি আছেন নতুন সভাপতির অপেক্ষায়। নতুন সভাপতি যে-ই হোন, তাঁর হাতে দায়িত্ব ছেড়ে দিয়ে কামাল হয়ে যাবেন শুধু আইসিসির সহসভাপতি।আইসিসির সহসভাপতি নির্বাচিত হওয়ার পর কালই প্রথম মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে এলেন মুস্তফা কামাল। পড়ে থাকা কিছু কাজ সেরেছেন, কথা বলেছেন সংবাদমাধ্যমের সঙ্গে। সভাপতি হিসেবে গত তিন বছরের তৃপ্তি-অতৃপ্তি উঠে এসেছে সে কথায়। ‘তৃপ্ত না অতৃপ্ত, সেটা সময়ই বলবে। তবে তিন বছরে তো সবকিছু করা যায় না। তবে আইডিয়াগুলো মোটামুটি দিয়ে দেওয়া হয়েছে’—দাবি বিদায়ী সভাপতির।অসমাপ্ত কাজ অবশ্য খুব বেশি দেখছেন না কামাল, ‘দু-একটা জায়গায় হাত দিতে পারিনি। যেমন, কক্সবাজারে স্টেডিয়াম করার ব্যাপারটা। তা ছাড়া নিজেদের কিছু স্টেডিয়াম করার ব্যাপারও আছে। ফ্র্যাঞ্চাইজি লিগটা আমরা করবই। একবার শুরু হয়ে গেলে এটা সারা জীবনই চলবে। টিভি চ্যানেলটাও করতে হবে। একটা চ্যানেল আমাদের জন্য খুবই জরুরি।’সাফল্যের তালিকায় তিনি রাখতে চান ২০১১ বিশ্বকাপ আয়োজন, বিপিএল আয়োজন, ক্রিকেট বোর্ডকে শক্ত অর্থনৈতিক ভিত দেওয়াকে। কাল তো এমনও বললেন, ‘আরও এক বছর থাকলে ৫০০ কোটি টাকা রেখে যেতাম।’ বর্তমানে বিসিবির স্থায়ী মূলধন প্রায় ২০০ কোটি টাকা।ফ্র্যাঞ্চাইজিভিত্তিক চার দিনের ম্যাচের টুর্নামেন্ট আয়োজনের প্রক্রিয়াও শুরু করে দিয়ে যাচ্ছেন কামাল। তবে এতে নিজের ঘর থেকেই বাধা এসেছে বলেও জানালেন তিনি, ‘বোর্ডের অনেকে এখনো এটা চায় না। তারা বিভিন্ন ডিভিশন ও রিজিওনকে এর সঙ্গে যুক্ত করতে চায়। কারণ, তারা ডিভিশন ও রিজিওন থেকে ভোটে নির্বাচিত হয়ে আসে।’বিসিবিতে মুস্তফা কামাল শেষ বোর্ডসভা করবেন ১৮ অক্টোবর। কোচ রিচার্ড পাইবাসসহ আরও কিছু সাম্প্রতিক সমস্যার সমাধান করে যেতে চান সে সভায়। নিমবাসের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর একাধিকবার দরপত্র আহ্বান করেও এখনো টেলিভিশনের সম্প্রচার-স্বত্ব বিক্রি করতে পারেনি বিসিবি। তবে সভাপতি জানিয়েছেন, ৫০ হাজার ডলারে শুধু ওয়েস্ট ইন্ডিজ সিরিজের স্বত্ব বিক্রি করা হয়েছে বাংলাদেশের চ্যানেল নাইনের কাছে। ভবিষ্যতের জন্য দরপত্র আহ্বান করা হবে নতুন করে।বিসিবি ও জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) চিরন্তন দ্বৈরথের প্রসঙ্গও উঠে এসেছে কামালের কথায়। বিসিবির প্রতি এনএসসির সর্বশেষ অসহযোগিতার উদাহরণ, বিকেএসপির মাঠ সংস্কারের কাজ বন্ধ করে দেওয়া। প্রসঙ্গটা উঠতেই বিসিবি সভাপতির কণ্ঠে ক্ষোভ, ‘শুরুর দিকে যখন আবাহনীর ক্রিকেট সংগঠক ছিলাম, তখন যে সমস্যা ছিল, এখনো সেসব আছে। আমাদের নিজস্ব মাঠ নেই। নিজস্ব অবস্থান নেই। ক্রিকেটে ভালো করলে ক্রিকেট বোর্ডের সভাপতি বা ক্রিকেট বোর্ডের নাম হয়। কিন্তু যাঁরা সরকারের বিভিন্ন পর্যায়ে চাকরি করেন, তাঁদের নাম হয় না। এ জন্য তাঁরা কিছু দিতেও চান না। এঁদের জাতীয়তাবোধ খুব কম। জাতি ওপরে উঠে যাবে, এ ধরনের ফিলিংস তাঁদের নেই।’কামালের সময়ের অনেকটা জুড়েই ছিল বিপিএল-আলোচনা। প্রথম বিপিএলের সব টাকা এখনো পাননি খেলোয়াড়েরা। চিটাগং কিংসের তামিম ইকবাল পাননি এক টাকাও। এ ব্যাপারে বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান গাজী আশরাফ হোসেনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন কামাল, ‘আরেকটা বিপিএলের সময় উনি নির্ধারণ করে দিলেন, অথচ খেলোয়াড়েরা এখনো টাকা পায়নি! এটা তো দেখতেও খারাপ দেখায়...।’কামালের প্রতিশ্রুতি ছিল, তাঁর সময়েই বাংলাদেশ দল ভারতে পূর্ণাঙ্গ সফর করবে। সেটা এখনো পূরণ না হলেও তিনি আশা ছাড়েননি, ‘ভারতে সিরিজ হবে। বেশি দিন অপেক্ষা করতে হবে না, এটা হবেই। আমার বিশ্বাস, সময় লাগবে না।’ গত এক-দেড় বছরে কম আলোচনা হয়নি বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়েও। আদালতের নিষেধাজ্ঞায় সফরটা আপাতত স্থগিত থাকলেও কামালের বিশ্বাস বাংলাদেশ দল পাকিস্তানে যাবে, ‘আমার পরে যিনি আসবেন, তাঁকেও আমি পাকিস্তানে দল পাঠাতে অনুরোধ করব।’ক্রিকেট বোর্ডের সভাপতির পদ ছেড়ে দিতে হচ্ছে বলে কোনো আক্ষেপ নেই মুস্তফা কামালের। ব্যাপারটা তাঁর কাছে ‘বড় কিছুর জন্য ছোট কিছুর স্বার্থ ত্যাগ’-এর মতো। তিনি বরং মনে করেন, ‘বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজ করার ক্ষেত্রে আমার আরও বড় সুযোগ সৃষ্টি হলো। যেখানে যাচ্ছি, সেখানে বাংলাদেশের ক্রিকেটের জন্যও আমি কাজ করব।’