কামিন্স তোপের পর আমলা-ডি ভিলিয়ার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগুনের গোলা! নাকি ছুরির তীক্ষ ফলা? জ্যাক ক্যালিস টের পেলেন কিছু একটা ধেয়ে আসছে গলার দিকে। খেলতে চেষ্টা করেননি। কোনো রকমে গ্লাভস দিয়ে থামিয়ে পিচের ওপর ফেললেন। না, ওটা একটা বল। গতি ছিল ঘণ্টায় ১৪৫.৪ কিলোমিটার!এই যাত্রা বেঁচে গেলেও প্যাট কামিন্সের দুরন্ত গতির কাছে শেষ পর্যন্ত হারতে হয়েছে ক্যালিসকে। দুই ইনিংসেই গতি আর বাউন্সের আগুন ঝরিয়ে ১৮ বছর বয়সী কামিন্স অভিষেক টেস্টেই বুঝিয়ে দিলেন, তাঁর হাতে অস্ট্রেলিয়ান পেস আক্রমণের ভবিষ্যৎ নেতৃত্বভার উঠতেই পারে। জোহানেসবার্গ টেস্টের তৃতীয় দিন শেষের আলো যতই হাশিম আমলা আর এবি ডি ভিলিয়ার্সকে ঘিরে রাখুক, সেটা কামিন্সের সকালের ঔজ্জ্বল্যকে নিষ্প্রভ করে নয়।আমলা এক প্রান্তে অপরাজিত ৮৯ রানে, অন্য প্রান্তে ৭০ রান নিয়ে ছিলেন ডি ভিলিয়ার্স। ৩০ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস ব্যাট করতে নেমে আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে কাল দক্ষিণ আফ্রিকার স্কোর বোর্ডের চেহারা ভালোই—৩ উইকেটে ২২৯ রান। লাঞ্চের আগে ৯৪ রানে ওই ৩ উইকেট হারিয়ে ফেলা দলকে এই জায়গায় নিয়ে যাওয়ার কৃতিত্ব আমলা-ডি ভিলিয়ার্সের।তবে ওয়ান্ডারার্স স্টেডিয়ামের সকালটাকে সফরকারীদের জন্য আনন্দময় করে তোলার কৃতিত্ব কামিন্সের। নিজের দ্বিতীয় বলেই চার খেয়েছেন। প্রথম ওভারে খান দুটি এবং দুটিই জ্যাক রুডলফের ব্যাটে। কামিন্স বোধ হয় তাতেই তেতে ওঠেন। প্রথম ইনিংসে ১ উইকেট পাওয়ার পর টেস্ট ক্রিকেটে নিজের দ্বিতীয় উইকেটটা নিলেন রুডলফকে ফিরিয়েই। ৪০ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর ৯০ রানের মধ্যেই আরও দুই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ৭৫ রানের মাথায় অফ স্পিনার নাথান লায়নের শিকার আরেক ওপেনার গ্রায়েম স্মিথ। এরপর দলকে ৯০ রানে রেখে কামিন্সের বলে ক্যালিস ক্যাচ দেন প্রথম স্লিপে, বলা ভালো দিতে বাধ্য হন।কাল যে আরও কয়েকটা উইকেট হারায়নি স্বাগতিকেরা, সেটা তাদের সৌভাগ্য আর কামিন্সের দুর্ভাগ্য। ব্যক্তিগত ২ রানের মাথায় তাঁর বলে ফিরতি ক্যাচ দিয়ে বেঁচে গেছেন ডি ভিলিয়ার্স। ওই ওভারে আমলার বিপক্ষেও ছিল এলবিডব্লুর জোড়া আপিল। আম্পায়ার তাতে আঙুল না তোলায় রেফারেল চান অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। বল হয়তো বেল ছুঁয়ে যেত, কিন্তু টিভি রিপ্লেকে আউট ঘোষণার জন্য যথেষ্ট মনে করেননি আম্পায়ার। আমলার রান তখন ২৭।চতুর্থ উইকেটে ১৩৯ রানের জুটি গড়ে দক্ষিণ আফ্রিকার আশার পালে হাওয়া দিলেন এই দুই ব্যাটসম্যানই। তৃতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকা এগিয়ে ১৯৯ রানে। কিন্তু আলোকস্বল্পতার সিরিজে কাল চা-বিরতির পর খেলা হলো মাত্রই ১২ ওভার। ওয়েবসাইট।