কামিন্সের ৬ উইকেট ও পন্টিংয়ের ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের তিন ইনিংসেই ভেতরে ঢোকা বলে এলবিডব্লু। কালও শুরু থেকে রিকি পন্টিংকে সেই রেসিপি মেনেই বোলিং করছিলেন স্টেইন-ফিল্যান্ডাররা। পন্টিংয়ের নার্ভাসনেসটাও বোঝা যাচ্ছিল স্পষ্ট। মরনে মরকেলের বাউন্সারে দারুণ এক পুলে চার মেরেই যেন বুঝে গেলেন, আজ ঘুরে দাঁড়ানোর দিন। খেললেন সেরা সময়কে মনে করিয়ে দেওয়া দারুণ সব পুল আর ড্রাইভ। দিন শেষে ৫৪ রানে অপরাজিত পন্টিং। সুতোর ওপর দাঁড়িয়ে থাকা ক্যারিয়ারটা হয়তো বাঁচিয়ে ফেললেন, এখন সুযোগ ম্যাচ জেতানোর। এক দিন আগেও যাঁর শেষ দেখে ফেলেছিলেন অনেকেই, তাঁর সামনে সুযোগ আবার নায়ক হওয়ার!চতুর্থ ইনিংসের শুরুতে অস্ট্রেলিয়ার শঙ্কা আর ভরসা—দুটিই ছিল ইতিহাস। অস্ট্রেলিয়ার লক্ষ্য ছিল ৩১০, এই মাঠে এত রান করে জেতেনি কেউ। তবে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডটা ছিল আবার অস্ট্রেলিয়ারই, ২০০৬ সালে পন্টিংয়ের অস্ট্রেলিয়াই ২৯২ তাড়া করে জিতেছিল ২ উইকেটে। সেই রেকর্ড নতুন করে লিখতে আজ প্রয়োজন ১৬৮ রান, হাতে ৭ উইকেট। দুই দলের ফর্ম, শেষ দিনের উইকেট, চাপ—এসব বাস্তবতায় সম্ভাবনা ‘ফিফটি-ফিফটি’ বলা যেত, তবে পন্টিং উইকেটে আছেন বলে পাল্লাটা হয়তো একটু অস্ট্রেলিয়ার দিকেই হেলে।পন্টিংয়ের সামনে সুযোগ নায়ক হওয়ার, তবে জয়ের ক্ষেত্র তৈরিতে বড় ভূমিকা ছিল দুই তরুণের। একজনের বয়স পন্টিংয়ের অর্ধেক। এ বছরের শুরুতে আরেকজনের অভিষেক হয়েছিল চোটের কারণে পন্টিং না খেলাতেই। অভিষেকেই ৬ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার রানটাকে ধরাছোঁয়ার বাইরে যেতে দেননি ১৮ বছর বয়সী প্যাট্রিক কামিন্স। প্রথম ওভারেই শেন ওয়াটসনকে হারানোর পর উইকেটে গিয়েছিলেন উসমান খাজা। চাপ-টাপ কিছু অনুভব করছেন বলে মনে হয়নি এক মুহূর্তের জন্যও। দৃষ্টিনন্দন সব শট খেলে চতুর্থ টেস্টে এসে পেয়েছেন প্রথম ফিফটি, তৃতীয় উইকেটে পন্টিংয়ের সঙ্গে গড়েছেন ১২২ রানের জুটি। শেষবেলায় খাজার আউটটাই চতুর্থ দিন শেষে ম্যাচের ভাগ্যে ভারসাম্য এনে দিয়েছে।৩ উইকেটে ২২৯—দিনের শুরুতে কিন্তু পরিষ্কার এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। ক্যারিয়ারের চতুর্দশ ও টানা দ্বিতীয় সেঞ্চুরিটা সাতসকালেই তুলে নেন হাশিম আমলা। কিন্তু কামিন্সের তোপে ডি ভিলিয়ার্স-আমলাসহ ৩৭ রানে ৪ উইকেট হারায় স্বাগতিকেরা। মনে হচ্ছিল, অস্ট্রেলিয়ার লক্ষ্যটা আড়াই শর আশপাশেই থাকবে। কিন্তু অস্ট্রেলিয়াকে পেলে যে ব্যাটসম্যান হয়ে যাওয়ার ‘ভূত’ চেপে বসে ডেল স্টেইনের মাথায়। তিন ছক্কায় তাঁর ৪১ রানই অস্ট্রেলিয়াকে ৩১০ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয়। ওয়েবসাইট।