কাম্বলির অভিযোগের তদন্ত হবে
বিনোদ কাম্বলির ম্যাচ পাতানোর অভিযোগের জল অনেক দূর গড়াবে বলেই মনে হচ্ছে। কারণ ভারতের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অজয় মাকেন বিসিসিআইকে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন। অজয় বলেছেন, বিসিসিআই যদি তদন্ত শুরু করতে ব্যর্থ হয়, তাহলে খোদ সরকারই বিষয়টিতে হস্তক্ষেপ করবে।এক সরকারি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অজয় মাকেন বলেন, ‘কোনো দলের একজন খেলোয়াড় যদি একটি নির্দিষ্ট খেলা বা ঘটনা নিয়ে কোনো অভিযোগ করে, তাহলে সেটা খতিয়ে দেখাই উচিত। কারণ দেশের মানুষের জানার অধিকার আছে যে তাদের প্রাণপ্রিয় জাতীয় দলকে নিয়ে এই অভিযোগটি কেন উঠল?’ক্রীড়ামন্ত্রী অজয় আরও বলেন, ‘শিগগিরই কাম্বলির অভিযোগটির তদন্ত হবে। তদন্ত শেষে অভিযোগ সত্য প্রমাণিত হলে দোষীদের শাস্তি পেতেই হবে।’ক্রীড়ামন্ত্রী আশা করেন, খুব তাড়াতাড়িই বিসিসিআই এ ব্যাপারে একটি তদন্ত শুরু করবে। যদি সে ক্ষেত্রে তারা ব্যর্থতার পরিচয় দেয়, তাহলে সরকার নিজেই ব্যাপারটি নিয়ে একটি তদন্ত শুরু করবে।কাম্বলির অভিযোগ যদি সত্যি হয়, তাহলে সেটাকে একটি দুর্ভাগ্যজনক ঘটনা হিসেবেই মনে করেন ভারতীয় ক্রীড়ামন্ত্রী।তিনি বলেন, ‘১৯৯৬ সালের বিশ্বকাপের সেমিফাইনালটির কথা আমার মনে আছে। আমি অনেক ব্যস্ততার মধ্যেও সময় বের করে সেই খেলাটি দেখেছিলাম। ভারত হেরে গেছে সেটা নিয়ে কোনো দুঃখ নেই। কিন্তু আজ এত বছর পর যদি সেই খেলাটি পাতানো ছিল বলে অভিযোগ ওঠে, তাহলে সত্যিই তা দুর্ভাগ্যজনক।’ পিটিআই।