কাম্বলির কাছে প্রমাণ চান সৌরভ
ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলেছেন, ম্যাচ পাতানো অভিযোগ থেকে নিজেকে মুক্ত করার একটা সুযোগ এসেছে মো. আজহারউদ্দিনের সামনে। সম্প্রতি বিনোদ কাম্বলি ১৯৯৬ সালের বিশ্বকাপে ভারত-শ্রীলঙ্কার মধ্যকার সেমিফাইনালটি ‘পাতানো হতে পারে’ বলে যে মন্তব্য করেছেন, তার সূত্র ধরে সৌরভ এ কথা বললেন। তিনি বলেন, সময় এসেছে, এ ব্যাপারে আজহারের কিছু করা। তবে ভারতের সাবেক অধিনায়ক এ ব্যাপারে কী করবেন, সে ব্যাপারে কোনো পরামর্শ নেই সৌরভ গাঙ্গুলির। তিনি বলেছেন, ‘নিজেকে অভিযোগ থেকে মুক্ত করতে আজহার কী করবে, সেটা সম্পূর্ণই তাঁর বিষয়। এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই।’কাম্বলির প্রতি অবশ্য সৌরভের কোনো সহানুভূতি নেই। ইডেনের সেই ম্যাচটির পরপরই বলির পাঁঠা বানিয়ে তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়—এহেন অভিযোগেরও কোনো ভিত্তি খুঁজে পাচ্ছেন না ভারতের অন্যতম সফল এ অধিনায়ক। বলেছেন, ‘কাম্বলির এ অভিযোগের কোনো ভিত্তি নেই।’ তিনি আরও বলেন, ‘একটি খেলা কীভাবে একজন খেলোয়াড়ের ক্যারিয়ার শেষ করে দিতে পারে। ভুলে গেলে চলবে না সেই ম্যাচে কাম্বলি নট আউট ছিল।’টসে জিতে সেই ম্যাচে ভারতের আগে ব্যাট না করা প্রসঙ্গে সৌরভ বলেন, ‘গ্রুপ ম্যাচে (ফিরোজ শাহ কোটলায়) আগে ব্যাট করে ভারত ২৭০ রান করেছিল। সেই ম্যাচে খুব বাজেভাবে হেরে যায় ভারত। মনে হয়, সেমিফাইনালে টস জিতে আগে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত ওই অভিজ্ঞতা দ্বারা প্রভাবিত।’সেই হিসেবে আজহারউদ্দিনের সিদ্ধান্তে নিজের পূর্ণ সহানুভূতি রয়েছে বলেই মন্তব্য করেছেন ‘দাদা’। কাম্বলির অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘ও যখন অভিযোগ তুলেছেই, তখন প্রমাণ নিয়ে আসা ওর দায়িত্ব।’এদিকে ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ভারতের অধিনায়ক কপিল দেব বিনোদ কাম্বলির এ অভিযোগ সম্পর্কে বলেছেন, ‘অভিযোগ কাম্বলি তুলতেই পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে, গত ১৫ বছর কি সে ঘুমিয়ে ছিল?’ টাইমস অব ইন্ডিয়া।