কাম্বলির কাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় শচীন টেন্ডুলকারের সঙ্গে উচ্চারিত হতো তাঁর নাম। শুধু কৈশোরে দেখানো প্রতিভার কারণে নয়, টেন্ডুলকারের সঙ্গে গলায়-গলায় বন্ধুত্বের কারণেও। সেই বিনোদ কাম্বলি এবার এমন কাণ্ড করেছেন যে, বন্ধু হিসেবে টেন্ডুলকারও লজ্জা পাবেন। গৃহকর্মীকে পিটিয়ে খবরের শিরোনাম কাম্বলি ও তাঁর স্ত্রী আন্দ্রেয়া। কেন পিটিয়েছেন, জানেন? কাম্বলি দম্পতির কাছে নিজের পারিশ্রমিক চেয়েছিলেন গৃহকর্মী! শুধু তা-ই নয়, বাড়ি চলে যেতে চাইলে তাঁকে তিন দিন একটি অন্ধকার ঘরেও নাকি আটকে রাখা হয়। তারপর বেতন না দিয়ে বের করে দেওয়া হয় বাড়ি থেকে। উপায়ান্তর না দেখে পুলিশের কাছে নালিশ করেছেন সেই গৃহকর্মী। কাম্বলি অবশ্য সব অভিযোগই অস্বীকার করেছেন। তবে মুম্বাই পুলিশ বলছে, কাম্বলি ও তাঁর স্ত্রীর বিবৃতিতে যথেষ্ট ফাঁকফোকর রয়েছে। কাম্বলি দম্পতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে কি না, এ নিয়ে অবশ্য কিছু বলতে রাজি হয়নি পুলিশ। এনডিটিভি অনলাইন।