কাম্বলির ‘চরিত্র’ নেই: আজহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৬ সালের বিশ্বকাপের সেমিফাইনাল ‘পাতানো হতে পারে’ বলে বোমাটা ইতিমধ্যেই ফাটিয়ে দিয়েছেন বিনোদ কাম্বলি। কলকাতার ইডেনের সেই ম্যাচটি ভারতের নিশ্চিত পরাজয়ের মুখে দর্শক হাঙ্গামায় পণ্ড হয়ে যায়। পরে শ্রীলঙ্কাকে বিজয়ী ঘোষণা করা হয়। আজ ১৫ বছর পর কাম্বলি বলেছেন, সেই ম্যাচটি পাতানো হলেও হতে পারে। কারণ, ম্যাচ শুরুর আগে নাকি টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত হয়েছিল টিম মিটিংয়ে। কিন্তু তত্কালীন অধিনায়ক আজহারউদ্দিন বাস্তবে নেন ভিন্ন সিদ্ধান্ত। পরের সেশনে ইডেনের উইকেট হয়ে যায় রীতিমতো মাইনফিল্ড। অথচ প্রথমে ব্যাট করে প্রাথমিক বিপর্যয় সত্ত্বেও লঙ্কানরা তুলেছিল আড়াই শর অধিক রান।শচীন টেন্ডুলকারের সমতুল্য ধরা হতো বিনোদ কাম্বলির প্রতিভাকে। নব্বইয়ের দশকের একেবারে গোড়ার দিকে নিজের ক্যারিয়ারটাও শুরু করেছিলেন রাজকীয় ঢংয়ে। কিন্তু, এরপরই খেলার চেয়ে খেলার বাইরের ঘটনায় বেশি করে নিজেকে জড়াতে থাকেন এ বাঁ-হাতি ব্যাটসম্যান। নিজেও হারিয়ে যান একসময় একেবারে কর্পুরের মতোই।দীর্ঘদিন আলোচনায় ছিলেন না। ম্যাচ পাতানোর বিতর্কিত উক্তি দিয়ে তিনি আলোচনায় আসতে চাচ্ছেন কি না, সেটা নিয়েও সন্দেহ রয়েছে অনেকের। ’৯৬ সালে ভারতীয় দলের ম্যানেজার অজিত ওয়াদেকার কাল তেমনই ইঙ্গিত দিয়েছেন। বলেছেন, কাম্বলি যখন এতকিছুই জানেন, তখন এত দিন চুপ করে ছিলেন কেন?কাম্বলি মূলত যাঁকে লক্ষ্য করে এই বোমাটি ছেড়েছেন সেই আজহারউদ্দিন আজ মুখ খুলেছেন। ১৯৯৬ বিশ্বকাপে ভারতের অধিনায়ক পুরো ব্যাপারটি উড়িয়ে দিয়ে বলেছেন, যে ব্যক্তি এ বিতর্ক তৈরি করছেন, তাঁর নিজেরই কোনো ‘চরিত্র’ নেই। তিনি বলেছেন, ‘কাম্বলির কোনো চরিত্র নেই।’ তিনি আরও বলেন, ‘সে টেলিভিশন টক শোতে এসে এসব বাজে কথা বলে নিজের ওজন বাড়ানোর চেষ্টা করেছে। অথচ তার এটা বোঝারই ক্ষমতা নেই যে এর মাধ্যমে সে ওই দলের সব খেলোয়াড়, কর্মকর্তাকে অসম্মান করেছে।’টসের ব্যাপারে আজহারউদ্দিন বলেন, ‘কাম্বলি যা বলেছে, তা পুরোপুরি মিথ্যা। ম্যাচের আগে টিম মিটিংয়ে আগে ব্যাট করার কোনো সিদ্ধান্ত ছিল না। মনে হয়, টিম মিটিংয়ের সময় সে অমনোযোগী ছিল অথবা ঘুমাচ্ছিল।’বিনোদ কাম্বলি অভিযোগ করেছেন, ’৯৬ সালের বিশ্বকাপের পরপরই নাকি তাঁকে বলির পাঁঠা বানিয়ে দল থেকে বের করে দেওয়া হয়। এ ব্যাপারে আজহার বলেছেন, ‘কাম্বলিকে কখনোই বলির পাঁঠা বানানোর প্রশ্ন আসেনি। সে সব সময়ই নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়েছে। ওকে দলে বারবার সুযোগ দেওয়ার পরেও সে কিছুই করতে পারেনি।’ আজহারউদ্দিন বলেন, ‘কাম্বলি সব সময়ই ক্রিকেটকে ব্যবহার করে অন্য কাজে নিজেকে ব্যস্ত রাখত। সে কখনোই ক্রিকেটকে গুরুত্বের সঙ্গে নেয়নি। যদি নিত, তাহলে রেকর্ড-বুকে আমরা কাম্বলিকে অন্যভাবে দেখতাম।’সেদিনের ম্যাচটি সম্পর্কে আজহারউদ্দিনের মতামত হচ্ছে, ‘আমরা সেদিন ব্যাটিংটা খুব বাজে করেছিলাম। মোটকথা, সেদিন আমরা জেতার মতো খেলতে পারিনি।’এদিকে ভারতের সাবেক দুই ক্রিকেটার অরুণ লাল ও অতুল ওয়াসন বিনোদ কাম্বলির কঠোর সমালোচনা করে বলেছেন, কাম্বলি ১৫ বছর পর এ কথা বলে কেবল বিতর্কেরই বিষবাষ্প ছড়িয়েছেন।