কামড়-কাণ্ডের জন্য দুঃখিত সুয়ারেজ

ফিফার শৃঙ্খলা কমিটির সামনে নিজেকে নির্দোষই দাবি করেছিলেন লুইস সুয়ারেজ। তবে একদিন পরেই কামড়-কাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেছেন উরুগুয়ের এই স্ট্রাইকার। তাতে অবশ্য শাস্তি কমার কোনো সম্ভাবনা নেই সুয়ারেজের। ইতালির ডিফেন্ডার জর্জো কিয়েলিনিকে কামড়ানোর জন্য নয়টি আন্তর্জাতিক ম্যাচ ও চার মাসের জন্য ফুটবলের যাবতীয় কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে লিভারপুলের এই তারকাকে।
ফিফার কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে সুয়ারেজ বলেছিলেন যে, ভারসাম্য হারিয়ে ফেলায় কিয়েলিনির ওপর পড়ে গিয়েছিলেন। ইচ্ছাকৃতভাবে কামড়ে দেননি। তবে আজ এক বিবৃতিতে সুয়ারেজ বলেছেন, ‘সত্যি কথাটা হলো, আমার সঙ্গে ধাক্কা খাওয়ার পর জর্জো কিয়েলিনি তাঁর শরীরে একটা কামড়ের দাগই বহন করছেন।’ কামড়-কাণ্ডের জন্য সবার কাছে ক্ষমাও চেয়েছেন ২৭ বছর বয়সী এই স্ট্রাইকার, ‘যা ঘটেছে তার জন্য আমি সত্যিই দুঃখিত। আমি জর্জো কিয়েলিনি ও সমগ্র ফুটবল পরিবারের কাছে ক্ষমা চাইছি। আমি সবাইকে বলতে চাই যে, এমন ঘটনা আর একবারও ঘটবে না।’
তবে সুয়ারেজ যে এমন কাণ্ড ভবিষ্যতে আর সত্যিই ঘটাবেন না, তেমন নিশ্চয়তা দেওয়ার কোনো উপায় নেই। গত বছর চেলসির ডিফেন্ডার ইভানোভিচের হাতে কামড় দিয়ে ১০ ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পরও সুয়ারেজ বলেছিলেন, ‘ব্রানিস্লাভ ইভানোভিচের সঙ্গে যে ঘটনাটি ঘটেছে তার জন্য আমি সত্যিই খুব দুঃখিত। আশা করছি লিভারপুলের সমর্থকেরা আমাকে ক্ষমা করবেন। আমি ব্রানিস্লাভের কাছে আবারও ক্ষমা চাইছি। ফুটবল মাঠে এ ধরনের ঘটনা যে মোটেও গ্রহণযোগ্য না, সেটা আমি উপলব্ধি করেছি।’— বিবিসি অনলাইন