
বিশ্বকাপে ৩২টি দলের চলাচলের জন্য থাকবে ৩২টি বিলাসবহুল বাস। দক্ষিণ কোরিয়ার বিশ্বখ্যাত হিউন্দাই কোম্পানির তৈরি এই বাসগুলোর গায়ে লেখা থাকবে প্রতিটি দেশের জন্য আলাদা-আলাদা স্লোগান। বেশ আগে থেকেই বিশ্বব্যাপী প্রতিযোগিতার মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর জন্য বেছে নেওয়া হয়েছে এই স্লোগানগুলো। প্রিয় পাঠক, আসুন একবার চোখ বুলিয়ে নেওয়া যাক জনপ্রিয় কয়েকটি দলের স্লোগানে...
স্পেন
স্পেনের টিম বাসই জানিয়ে দিচ্ছে যে তারা বিশ্ব চ্যাম্পিয়ন। স্লোগানটি হচ্ছে, ‘হৃদয়ের গহিনে আমাদের চ্যাম্পিয়ন হওয়ার উদ্দীপনা’।
আর্জেন্টিনা
ছিয়াশির পর আরাধ্য ট্রফিটা পেতে গোটা আর্জেন্টিনা যে মরিয়া সেটাই যেন জানান দিচ্ছে আর্জেন্টিনার স্লোগানে, ‘আমরা কেবল একটা দল নই, গোটা একটা দেশ’।
ব্রাজিল
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা অপেক্ষায় ষষ্ঠ শিরোপার। নিজের মাটিতে এই গৌরব তাদের কাছে যেন সময়েরই ব্যাপার। সমর্থকদেরও যেন সেই উত্সবের জন্য আছে প্রস্তুত হওয়ার আহ্বান, ‘প্রস্তুত হও! ছয় নম্বরটি আসছে’।
ইতালি
আরও একটি বিশ্বজয়ের স্বপ্নটার রং নীলাভই করতে চায় ইতালি, ‘বিশ্বকাপের স্বপ্ন আঁকি নীল রঙে’।
ফ্রান্স
আটানব্বইয়ের চ্যাম্পিয়নরা এবার দলকে উজ্জীবিত করছে প্রত্যয়ের সঙ্গেই, ‘অসম্ভব শব্দটি ফরাসিই নয়’।
পর্তুগাল
অতীত যেমনই হোক, পর্তুগাল তাকাতে চায় সামনের দিকেই। পর্তুগিজ টিম বাসে লেখা স্লোগানটিও ঠিক তেমন কিছুই জানান দিচ্ছে, ‘অতীত হলো ইতিহাস, ভবিষ্যত্ জয়’।
ইংল্যান্ড
ছেষট্টির পর বিশ্বকাপের গৌরব ছুয়ে দেখা হয়নি ইংলিশদের। স্লোগানে যেন ফুটে উঠেছে সেই হাহাকারই, ‘একটা দলের স্বপ্ন লাখো মানুষের হূদস্পন্দন।’
হল্যান্ড
তিনবারের রানার্সআপ। কিন্তু শিরোপার গৌরব গায়ে মাখানো হয়নি। হল্যান্ড চিন্তিত নয় ওসব নিয়ে। হূদয়ে তাদের কমলার চেতনা, ‘ আসল মানুষ কমলাই পড়ে।’
উরুগুয়ে
তারাও দুইবারের চ্যাম্পিয়ন। হোক না সে অনেক বছর আগে। গতবার সেমিতে খেলা লাতিন দেশটি এবার বড় স্বপ্ন নিয়েই বিশ্বকাপে। দেশটির তিরিশ লাখ মানুষকেও তারা দেখাতে চায় সেই স্বপ্ন, ‘তিরিশ লাখ লোকের স্বপ্ন...চলো উরুগুয়ে।’