কার হাতে গোল্ডেন বল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দেখতে দেখতে বিশ্বকাপ এখন শেষ দৃশ্যের অপেক্ষায়। আজ বাদে কাল বিশ্বকাপ ফুটবলের ফাইনাল। কিন্তু কার হাতে উঠবে ট্রফি—এই প্রশ্নের বাইরেও একটা বড় কৌতূহল, কার হাতে উঠবে গোল্ডেন বল? ফাইনালের তুঙ্গস্পর্শী উত্তেজনার মধ্যেও উঁকি দিয়ে যাচ্ছে এ প্রশ্নটি।
বিশ্বকাপের সেরা খেলোয়াড়কে গোল্ডেন বল দেওয়ার রীতির শুরু ১৯৭৮ সাল থেকে। সর্বোচ্চ গোলদাতার গোল্ডেন বুটের মতো অত জৌলুশ না থাকতে পারে, তবে বিশ্বকাপের সেরা খেলোয়াড় বলে কথা! একদিক দিয়ে বুটের চেয়ে বল নিয়ে জল্পনা-কল্পনা বেশি। বুট কে পাবেন সেটা টুর্নামেন্টের এই পর্যায়ে এসে মোটামুটি নিশ্চিত হয়ে যায়। কিন্তু বল কে পাবেন সেটা তো আর অঙ্ক কষে বের করা যায় না! অন্তত চার থেকে পাঁচজনের যে কারও হাতেই এটা উঠতে পারে।
কে সেই সৌভাগ্যবান, তা জানার জন্য আগামীকালের ফাইনাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে মনে মনে হয়তো অনেকেই হিসাব করে ফেলেছেন। লিওনেল মেসি, টমাস মুলার, নেইমার, আরিয়েন রোবেন, হামেস রদ্রিগেজ—মোটামুটি এই নামগুলোই আসছে সবার মাথায়। গোল্ডেন বলের জন্য আজই ফিফার ১০ জনের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করার কথা। সেখানে, এই পাঁচজনের তো থাকারই কথা। গোল্ডেন বলটা এঁদেরই কেউ পাবেন তো, নাকি দেখা যাবে চমক-জাগানিয়া কাউকে?
উত্তরটা জানা যাবে কাল। তবে আপাতদৃষ্টিতে এগিয়ে আছেন এই পাঁচজনই। এঁদের মধ্যে কার সম্ভাবনা উজ্জ্বল? বলা মুশকিল। দলের জন্য তো কেউ আর কম করেননি! মেসিকেই দেখুন, বলতে গেলে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নিয়ে এসেছেন আর্জেন্টিনাকে। টানা চারবার ম্যান অব দ্য ম্যাচের রেকর্ড গড়েছেন। দুর্দান্ত চারটি গোল করেছেন, করিয়েছেন একটি। এবং প্রতিটি গোলই আর্জেন্টিনাকে পার করেছে কোনো না কোনো ম্যাচের বৈতরণি। সেমিফাইনালেই একটু নিষ্প্রভ ছিলেন। কিছুটা অনিশ্চয়তা থাকতে পারে সে কারণেই।
ভেতরে ভেতরে নিশ্চয়ই আশা আছে মুলারেরও। কাগজে-কলমে মেসির চেয়ে তাঁর পরিসংখ্যানটাই বেশি জ্বলজ্বলে। গোল করেছেন পাঁচটি, করিয়েছেন তিনটি। তবে এটাও ঠিক, মেসি বা রোবেনদের মতো নিঃসঙ্গ ছিলেন না মুলার, সতীর্থরাও দারুণ সহায়তা করেছেন। রোবেনের কথাই ধরুন, তিন গোল দিয়ে তাঁকে পুরোপুরি বোঝা যাবে না। প্রতিটি ম্যাচেই তটস্থ করে রেখেছেন প্রতিপক্ষকে। যে কয় ম্যাচে ছিলেন, নেইমারও বলতে গেলে একাই ব্রাজিলের আক্রমণের জোয়াল বইছিলেন। তবে চোটের কারণে আগেই বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ায় অনেকটা ফিকে হয়ে গেছে তাঁর স্বপ্ন।
হামেস রদ্রিগেজের সামনেও এখন দুর্দান্ত সুযোগ। ৬ গোল করে কলম্বিয়ার প্লে-মেকারকে হাতছানি দিচ্ছে বুট, কে জানে হয়তো বলও। দুটিই পেলে তিনি চলে আসবেন মারিও কেম্পেস, পাওলো রসি, সালভাতর শিলাচির মতো কিংবদন্তিদের সারিতে। এক বিশ্বকাপে এখন পর্যন্ত এই তিনজনই গোল্ডেন বল ও বুট—দুটিই জিতেছেন। তবে রদ্রিগেজকে যে তথ্যটা নিরাশ করবে, অন্তত সেমিফাইনাল পর্যন্ত না গেলে কেউ গোল্ডেন বল জেতেননি।
আর যদি সত্যিই চমক অপেক্ষা করে থাকে, তাহলে কার হাতে উঠতে পারে গোল্ডেন বল? জার্মানির ‘চীনের প্রাচীর’ ম্যানুয়েল নয়্যার? দারুণ ধারাবাহিক জার্মান মিডফিল্ডার টনি ক্রুস? নাকি অন্য কেউ? বলার উপায় নেই। চমক তো চমকই!

 ৯ গোল্ডেন বলজয়ী ৬ জনই ফরোয়ার্ড, ২ জন মিডফিল্ডার। বাকি একজন গোলকিপার।
 সবচেয়ে বেশি দুজন গোল্ডেন বলজয়ী পেয়েছে যৌথভাবে ব্রাজিল, আর্জেন্টিনা ও ইতালি।
 গোল্ডেন বলের লড়াইয়ে শীর্ষ তিনে একাধিকবার জায়গা পেয়েছেন পাওলো রসি, ডিয়েগো ম্যারাডোনা ও রোনালদো।
একই সঙ্গে গোল্ডেন বুট ও বল জিতেছেন মারিও কেম্পেস, পাওলো রসি ও সালভাতর শিলাচি।
 শীর্ষ তিনে ঢুকতে পারা একমাত্র এশিয়ান দক্ষিণ কোরিয়ার হং মিউং বো।
 শীর্ষ তিনে দুই সতীর্থ ছিলেন একবারই, ২০০৬ বিশ্বকাপে ক্যানাভারো সিলভার বল, ব্রোঞ্জ বল পিরলো।

.
.

যাঁদের ভোটে গোল্ডেন বল
গোল্ডেন বল কার হাতে যাবে সেটা জেনে যাবেন কালই।কিন্তু বিশ্বকাপের সেরা খেলোয়াড় কে হবেন, সেটা ঠিক করবেন কারা? এই পুরো ব্যাপারটা দেখভাল করে ফিফা।সেমিফাইনালের পরই ফিফা সেরা ১০ জনের একটা সংক্ষিপ্ত তালিকা করে, যেটা আজকের মধ্যেই হওয়ার কথা।এরপর ফিফার টেকনিক্যাল কমিটি ও টুর্নামেন্ট কাভার করা সাংবাদিকেরা গোল্ডেন বলের জন্য ভোট দেন। মোট ভোটের ৫০ শতাংশ করে দিতে পারে দুই পক্ষ। ভোট দেওয়ার শেষ সময় ফাইনাল শেষ হওয়ার আগ পর্যন্ত।সর্বোচ্চ ভোটপ্রাপ্ত পাবেন গোল্ডেন বল পান, দ্বিতীয় সিলভার ও তৃতীয় সর্বোচ্চ ভোট পাওয়া খেলোয়াড় পাবেন ব্রোঞ্জ বল।ফিফাডটকম।