কারও নাম বলেননি তিলকারত্নে!
ম্যাচ পাতানো বোমা ফাটিয়ে ব্যাপক আলোচনায় আছেন হাশান তিলকারত্নে। সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে শ্রীলঙ্কার একটি ওয়েবসাইট। প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের সঙ্গে সাম্প্রতিক এক সাক্ষাতে তিলকারত্নে নাকি বলেছেন ম্যাচ পাতানোয় শ্রীলঙ্কার দুই সাবেক অধিনায়ক অরবিন্দ ডি সিলভা এবং সনাৎ জয়াসুরিয়াও জড়িত! তিলকারত্নে অবশ্য খবরটা উড়িয়ে দিয়ে বলেছেন, ম্যাচ পাতানো ইস্যুতে কারও নামই তিনি বলেননি।‘আমার এর আগের বক্তব্যের ব্যাখ্যা জানতে মহামান্য প্রেসিডেন্ট আমাকে ডেকেছিলেন। আমার সঙ্গে ছিলেন আমার স্ত্রী অপ্সরী তিলকারত্নে ও রেভ. উদুয়ে ধাম্মালোকা। আমি সেখানে কোনো খেলোয়াড়েরই নাম বলিনি’—জানিয়েছেন তিলকারত্নে। তাঁর আরও দাবি, ম্যাচ পাতানোর তদন্তে তিনি পুলিশকে সার্বিক সহযোগিতা করছেন। পুলিশের দপ্তরে তাঁকে দুবার ডেকেও নেওয়া হয়েছিল। এর আগে শ্রীলঙ্কার একটি ওয়েবসাইট জানায়, বৌদ্ধ ভিক্ষু উদুয়েকে নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে সাবেক অধিনায়ক তিলকারত্নে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনেছেন আরও দুই সাবেক অধিনায়ক অরবিন্দ ডি সিলভা ও সনাৎ জয়াসুরিয়ার বিরুদ্ধে। ওয়েবসাইট।