কারও প্রতি ক্ষোভ নেই মুরালির
ক্যারিয়ারজুড়ে সফলতা আর সফলতা। মুরালির অর্জনের তালিকায় কী নেই! একজন বোলার যা যা অর্জনের স্বপ্ন দেখেন, তার সবই পেয়ে গেছেন মুরালি। কিন্তু যাঁরা বার বার তাঁর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছেন, ‘চাকার’ বলে গালি দিয়েছেন, তাঁকে নিষিদ্ধ করার দাবি তুলে ক্যারিয়ারের ইতি টেনে দিতে চেয়েছেন, টেস্ট ক্রিকেট থেকে বিদায় বেলায় তাঁদের সম্পর্কে কী মনোভাব মুরালির? শ্রীলঙ্কার এই অফ স্পিনার বলছেন, ‘কারও প্রতি ক্ষোভ নেই আমার।’১৮ বছরের টেস্ট ক্যারিয়ারে অ্যাকশন নিয়ে বহুবার প্রশ্ন উঠেছে মুরালির। ১৯৯২ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক। এর তিন বছর পর ১৯৯৫ সালে অস্ট্রেলিয়া সফরে প্রথমবারের মতো অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। অসি আম্পায়ার ড্যারেল হেয়ার ‘চাকিং’য়ের অভিযোগ আনেন। এ ঘটনায় মুরালির পক্ষে-বিপক্ষে নানা মতামত আসতে থাকে। ২০০৪ সালে অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কা সফরে মুরালির বোলিং ‘অবৈধ’ বলে রিপোর্ট করেন ম্যাচ রেফারি ক্রিস ব্রোড। শেষ পর্যন্ত আইসিসির পরীক্ষায় মুরালির অ্যাকশন ‘বৈধ’ বলে প্রমাণিত হয়। তার পরও থামেনি বিতর্ক।মুরালি বলছেন, ‘১৯৯৫ সালে প্রথমবারের মতো বিতর্ক ওঠে। এমনটা প্রত্যাশা করিনি আমি। সত্যিই হতাশ হয়েছিলাম। অর্জুনা রানাতুঙ্গা, অরবিন্দ ডি সিলভা ও বোর্ড আমাকে সাহস জোগায়।’ কিন্তু যে আম্পায়ারদের কারণে এ সমস্যা তাঁদের সম্পর্কে মনোভাব কী? মুরালি বলছেন, ‘খোলা চোখে আমাকে মূল্যায়ন করেছেন আম্পায়াররা। কারও প্রতি ক্ষোভ নেই আমার। নিজের অ্যাকশন বৈধ প্রমাণিত করেছি আমি। এটা করতে পেরেই আমি সন্তুষ্ট।’ ওয়েবসাইট।