কারণ, সাময়িক বিদ্যুৎ বিভ্রাট!
তিন মিনিটের বিদ্যুৎ বিভ্রাটেই অন্ধকারে হারিয়ে গেল বাংলাদেশের সম্ভাবনা! কেন এই বিভ্রাট, তা নিয়ে পরশু রাত থেকে তোলপাড় চারদিক। বিদু্যুৎ মন্ত্রণালয় থেকে শুরু করে সরকারের শীর্ষ পর্যায় পর্যন্ত একাধিক তদন্ত কমিটি গঠিত হয়েছে রহস্য উদ্ঘাটনে। একটি কমিটি ইতিমধ্যে তাদের প্রতিবেদনও জমা দিয়েছে।বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ওই ঘটনার পর তিন সদস্যের একটি তদন্ত দল গঠন করেছে। কমিটির প্রধান তত্ত্বাবধায়ক প্রকৌশলী (উত্তর) আজহারুল ইসলাম ইতিমধ্যেই তাঁদের প্রতিবেদন ঢাকায় ঊর্ধ্বতন কর্মকর্তার কার্যালয়ে জমা দিয়েছে। প্রতিবেদনে সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের কারণে এ ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়। সেটা বললেন কমিটির প্রধানও, ‘সরবরাহ লাইনে বিভ্রাটের কারণে এ ঘটনা ঘটেছে। চার মিনিটের মতো বিদ্যুৎ ছিল না। কিন্তু বিদুৎ এলেও ফ্লাড লাইট ১৫ মিনিট পর চালু হয়েছে।’ বিসিবি সূত্র জানিয়েছে, ফ্লাড লাইট একবার নিভে গেলে আবার সেটি জ্বলতে ১০ মিনিটের মতো সময় লাগে।এসব ছাড়াও কাল বিদ্যুৎ বিভ্রাটের আরেকটি কারণ শোনা গেল পুলিশ ও বিসিবির কর্মকর্তাদের মুখ থেকে। দুপুরে স্টেডিয়ামে ঢোকার সময় পিডিবির এক কর্মকর্তার সঙ্গে নাকি কথা-কাটাকাটি হয় নিরাপত্তাকর্মীদের। খেলার মধ্যে হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়াকে সেটারও জের বলছেন অনেকে।