কারণ আইপিএলের বিরোধিতা!
শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল অর্জুনা রানাতুঙ্গাকে। না, তাঁর বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ ছিল না। ছিল না কোনো প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ। তবুও তাঁকে সরে যেতে বাধ্য করা হয়েছিল; কারণ, তিনি আইপিএল ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সমালোচনায় মুখর হয়ে উঠেছিলেন।শ্রীলঙ্কার ‘দ্য আইল্যান্ড’ পত্রিকা জানিয়েছে, আইপিএল চালু হওয়ার পর থেকেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ব্যাপারে ছিলেন সমালোচনা মুখর। ব্যাপারটি দারুণ ক্ষুব্ধ করে তুলেছিল ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই)। তাদের চাপেই শ্রীলঙ্কান সরকারের ক্রীড়া মন্ত্রণালয় শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয় ১৯৯৬ সালে শ্রীলঙ্কাকে বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা এনে দেওয়া এই সাবেক অধিনায়ককে।দ্য আইল্যান্ডের প্রতিবেদন থেকে জানা যায়, ২০০৯ সালের আইপিএলের সঙ্গে শ্রীলঙ্কান ক্রিকেট দলের ইংল্যান্ড সফরের সময়সূচির সংঘাত হয়। রানাতুঙ্গা শ্রীলঙ্কান ক্রিকেটারদের আইপিএল থেকে চলে এসে ইংল্যান্ড সফরে যেতে চাপ দেন। কিন্তু শ্রীলঙ্কান ক্রিকেটাররা আইপিএলের অর্থের হাতছানি উপেক্ষা করতে পারেননি। তাঁরাও বেঁকে বসেন। ব্যাপারটি নিয়ে রানাতুঙ্গা চলে যান হার্ডলাইনে। গোটা বিষয়টি ভালোভাবে নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। এ নিয়ে আলোচনা করতে বিসিসিআই তৃতীয় একটি স্থানে (ব্যাংকক) শ্রীলঙ্কা ক্রিকেটের প্রতিনিধিদের ডাকে।ব্যাংককের সেই বৈঠকে বিসিসিআইয়ের পক্ষ থেকে অংশ নিয়েছিলেন আইপিএলের তত্কালীন কমিশনার আলোচিত লোলিত মোদি। অংশ নিয়েছিলেন বিসিসিআইয়ের বর্তমান সভাপতি এন শ্রীনিবাসন ও সচিব নিরঞ্জন শাহ।সেই বৈঠকে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের প্রতিনিধিদের রীতিমতো শাসান বিসিসিআই প্রতিনিধিরা। তাঁরা জানিয়ে দেন, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড যদি আইপিএল নিয়ে লাগতে আসে, তাহলে তাদের ‘পরিণতি’ ভোগ করতে হবে। দুই ঘণ্টাব্যাপী সেই বৈঠকে এফটিপিতে থাকা ভারতীয় ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরও অনিশ্চিত বলে জানিয়ে দেন বিসিসিআই কর্তারা। এর পরেই মেয়াদ শেষ হওয়ার আগেই রানাতুঙ্গাকে সরিয়ে দেওয়া হয় বলে খবরে প্রকাশ।খেলা ছাড়ার পরপরই সক্রিয় রাজনীতিতে আসেন রানাতুঙ্গা। সাংসদ নির্বাচিত হন। বিসিসিআইয়ের চাপে শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার সময় তিনি ছিলেন সরকারি দলের সাংসদ। এরপর তিনি সরকারি পক্ষ ত্যাগ করে বিরোধী দলের আসন গ্রহণ করেন। আইপিএল নিয়ে এখনো তিনি যথেষ্ট সমালোচনামুখর।