কারণ এই!
গিলেম বালাগের কথাটি সত্যি হলে কপাল চাপড়াতে হবে বার্সেলোনা সমর্থকদের। কাতালান ক্লাবটি ছাড়ার প্রস্তুতি নাকি নিতে শুরু করেছেন বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসি। গন্তব্য হিসেবে আর্জেন্টাইন তারকার পছন্দ ইংল্যান্ড। সে জন্য নাকি ইংরেজি শিখছেন স্প্যানিশভাষী মেসি। গিলেম বালাগ স্প্যানিশ ফুটবলের একজন বিশেষজ্ঞ। ফুটবলপণ্ডিত হিসেবে কাজ করেন স্কাই স্পোর্টসে। তাঁর দাবি, ইংল্যান্ড যেতে মেসিকে ফুঁসলিয়েছেন সাবেক দুই সতীর্থ সার্জিও আগুয়েরো ও সেস ফ্যাব্রিগাস। তাঁদের কথা শুনে গলতে শুরু করেছে মেসির জমাট প্রতিজ্ঞা। বালাগের দাবি, নিয়মিত ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা দেখেন মেসি। কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল ইংলিশ ক্লাব চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি মেসিকে পেতে আকুল। ইংল্যান্ডে যান বা না যান, বালাগের কথা সত্যি হলে সংবাদ সম্মেলনে অন্তত মেসির সঙ্গে ভাষাগত দূরত্ব ঘুচবে সাংবাদিকদের। টক স্পোর্ট।