কারণ ছেলেবেলার দারিদ্র্য

আরও একবার প্রতিপক্ষ খেলোয়াড়কে কামড়ে দেওয়ার অভিযোগে লুইস সুয়ারেজকে নিয়ে বিতর্কের ঝড়। চোট কাটিয়ে ফিরেই ইংল্যান্ডের সঙ্গে জোড়া গোল করে নায়ক বনে গিয়েছিলেন। পরশু ইতালি ডিফেন্ডার কিয়েলিনিকে কামড় দেওয়ায় সেই সুয়ারেজকে নিয়েই পড়ে গেছে ছি ছি!
এবারই তো প্রথম নয়। এর আগেও দুবার প্রতিপক্ষ খেলোয়াড়কে কামড়ে দিয়ে নিষিদ্ধ হয়েছেন উরুগুইয়ান স্ট্রাইকার। এবারও শাস্তি অনিবার্যই মনে হচ্ছে। ফিফা এরই মধ্যে অভিযোগ আমলে নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছে। দোষী প্রমাণিত হলে নিষিদ্ধ হতে পারেন ২৪ ম্যাচ! কিন্তু সুয়ারেজ বারবারই কেন একই রকম ঘৃণিত কাজ করছেন? বারবার শাস্তি পাওয়ার পরও কেন নিজেকে শোধরাতে পারছেন না? ইংল্যান্ডের স্যালফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া মনস্তত্ত্ববিদ ড. টিম ফসেট বলছেন, ছেলেবেলার দারিদ্র্যই সুয়ারেজের মধ্যে এই প্রবণতার জন্ম দিয়েছে।
মন্টেভিডিওর এক গরিব ঘরে জন্ম সুয়ারেজের। সাত ভাইয়ের মধ্যে চতুর্থ সুয়ারেজের ছেলেবেলা কেটেছে অনেক কষ্টে। কোনো দিন খাবার পেয়েছেন, কোনো দিন থাকতে হয়েছে অভুক্ত। তাঁর যখন ৯ বছর বয়স, সম্পর্ক চুকিয়ে বাবা-মা আলাদা হয়ে যান। ছোট্ট সুয়ারেজকে দেখে রাখার মতো কেউ ছিল না! প্রায় সারা দিন সুয়ারেজের ঠিকানা হতো রাস্তা, সময় কাটত ধুলাবালুতে খেলাধুলা আর মারপিট করে। ফুটবলের প্রথম পাঠও রাস্তায়, আনুষ্ঠানিক শিক্ষার সুযোগ হয়নি। ফসেট বলছেন, ছেলেবেলার সেই কষ্টকর দিনগুলোই সুয়ারেজের মননে এমন খুনে প্রবৃত্তির জন্ম দিয়েছে, ‘বেড়ে ওঠার দিনগুলো মানুষের ব্যক্তিত্ব গঠনে অবদান রাখে। আপনি যদি তার ইতিহাসের দিকে তাকান, দরিদ্র পরিবারের সাত সন্তানের একজন হিসেবে শিক্ষাদীক্ষাটা বলতে গেলে সে পায়ইনি। এটাই তার মধ্যে দুর্বৃত্তপনার বীজটা বুনে দিয়েছে—সে ছিল রাস্তার ছেলে।’
খুব সহজেই এই প্রবৃত্তিটা সুয়ারেজের যাবে না বলেই মনে করেন ফসেট। এমনকি মনস্তত্ত্ববিদের সাহায্যেও নয়, ‘সে যদি আগে এমনটা করে থাকে, তাহলে আবারও করবে। সব ধরনের সাহায্য-সহযোগিতার পরও সে এটা আবার করবে।’ সাধু সাবধান! সুয়ারেজকে দলে নিলেও সমস্যা, তাঁর বিপক্ষে খেলতে গেলেও সমস্যা। এএফপি।