কারণ তো সেই কুকই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুক ও পিটারসেন: এই ছবি যা বলছে, সেটি মোটেই ঠিক নয়
কুক ও পিটারসেন: এই ছবি যা বলছে, সেটি মোটেই ঠিক নয়

অবশেষে ব্যাপারটা খোলাসা করল ইসিবি। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ব্যাখ্যা দিল কেন শেষ করে দেওয়া হলো কেভিন পিটারসেনের আন্তর্জাতিক ক্যারিয়ার। যা ধারণা করা হয়েছিল কারণ সেটাই, ‘অ্যালিস্টার কুক’। না, ইংলিশ অধিনায়কের প্রত্যক্ষ প্ররোচনায় ইসিবির খড়্গ নামেনি পিটারসেনের ঘাড়ে। তবে পরশু ইসিবি বিবৃতিতে ঘুরিয়ে-ফিরিয়ে যা বলা হয়েছে তাতে দায়টা কুকের ওপরই পড়ে। ইসিবির চাওয়া কুক ইংল্যান্ড দলে এমন একটা সংস্কৃতি তৈরি করবেন যেখানে সবাই সবার ওপর আস্থা রাখতে পারবেন। আর এটাই কাল হয়েছে পিটারসেনের জন্য। কেপির কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন কুক, এতে যে মোটেই আস্থা নেই ইসিবির।
গত মঙ্গলবার ইংল্যান্ডের ভবিষ্যৎ পরিকল্পনা থেকে কেপির নামটা মুছে দেওয়ার পর থেকেই ইসিবির কাছ থেকে ব্যাখ্যা চেয়ে আসছিলেন সবাই। ক্রিকেটের তো বটেই, ক্রিকেটের বাইরের লোকজনও ‘আসল’ কারণটা জানতে চেয়েছেন। অ্যাশেজের ধবলধোলাই হওয়ার পর ‘পুনর্গঠনের’ অংশ হিসেবেই বাদ দেওয়া হয়েছে একুশ শতকের সেরা ইংলিশ ব্যাটসম্যানকে, জানা গিয়েছিল এটুকুই। পরশু ইংল্যান্ডের পেশাদার ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনকে (পিসিএ) সঙ্গী করে যৌথ বিবৃতি মুসাবিদা করেছে ইসিবি। সেখানেই উল্লেখ করা হয়েছে ‘পরস্পরের প্রতি আস্থা ও দলীয় চেতনাবিরোধী কিছু কাজ হয়েছে।’ কারও নাম না বলা হলেও কাছেপিঠের সময়ে কুক, টেস্টে তাঁর সহকারী ম্যাট প্রায়র ও কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের সঙ্গে ঝামেলায় জড়ানো কেপির দিকেই আঙুল উঠেছে।
‘অস্ট্রেলিয়ায় হোয়াইটওয়াশ হওয়ার পর ইংল্যান্ড দলটায় পুনর্গঠন জরুরি হয়ে পড়েছে।’ পুনর্গঠন কীভাবে করা হবে বিবৃতিতে সেটাও বলা হয়েছে, ‘যা করা দরকার সেটা হলো অধিনায়ক অ্যালিস্টার কুককে সর্বময় ক্ষমতা দেওয়া। তাকে এমন একটি সংস্কৃতি তৈরি করতে সাহায্য করা যেখানে সে সব খেলোয়াড়ের পূর্ণ সমর্থন পাবে। যেখানে সবাই একই লক্ষ্যে এগিয়ে যাবে এবং পরস্পরের প্রতি আস্থা রাখবে। আর এগুলোই সেই কারণ যার জন্য কেভিন পিটারসেনকে ছাড়াই আমরা পথ চলতে চেয়েছি।’
আসলে কী হয়েছিল, সেটা জানতে গিয়ে ইংল্যান্ডের ড্রেসিংরুমের অশান্তির নানা কাহিনি ছড়িয়েছে, সমালোচনায় জেরবার হতে হয়েছে ইসিবিকে। ‘ভিত্তিহীন’, ‘অন্যায্য’ এসব অভিযোগের জবাবে ইসিবি বলছে, ‘ড্রেসিংরুমে কিংবা দলীয় মিটিংয়ে যাই হোক না কেন সেটা ওখানেই থাকা উচিত এবং দলের সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন কারও কাছে বলে বেড়ানো উচিত নয়।’
তবে ইংলিশ ক্রিকেটে পিটারসেনের অবদানের কথা বলতেও ভোলেনি ইসিবি। বিবৃতির শুরুটাই হয়েছে এভাবে, ‘গত এক দশকে ইংল্যান্ড দলে কেভিনের গুরুত্বপূর্ণ অবদানের কথা ইসিবি মনে রেখেছে। ইংল্যান্ডের ব্যাটসম্যানদের খেলা সর্বকালের সেরা ইনিংসের কিছু সে-ই খেলেছে।’ এএফপি, ওয়েবসাইট।