কারণ দর্শাও নোটিশ শুধু মোহামেডানকে!
গত পরশু সুপার কাপের সেমিফাইনালে মোহামেডান ২০ মিনিট পর মাঠে নেমেছিল। হাস্যকর কারণ দেখিয়ে তারা আপত্তি তুলেছিল রেফারি আজাদ রহমানকে নিয়ে। এ জন্য মোহামেডানকে কাল কারণ দর্শানো নোটিশ দিয়েছে বাফুফে। মজার ব্যাপার, মোহামেডান ২০ মিনিট পর মাঠে নামলে প্রতিপক্ষ শেখ জামাল ড্রেসিংরুমে চলে যায় এবং ১০ মিনিট পর মাঠে নামে।এ জন্য ৩০ মিনিট পর শুরু হয় ম্যাচটা। মোহামেডানকে কারণ দর্শানো হলেও শেখ জামালকে সে রকম কোনো নোটিশ দেয়নি বাফুফে। অথচ মোহামেডান অন্যায় করে থাকলে শেখ জামালও সম অপরাধী। একদল দেরি করে নেমেছে বলে তো আরেক দল মাঠে নেমেও ড্রেসিংরুমে ফিরে যেতে পারে না! কাজেই শেখ জামালকেও নোটিশ দেওয়া উচিত ছিল বলে বলছেন অনেকে।তবে সুপার কাপ কমিটির ডেপুটি চেয়ারম্যান বাফুফের সহসভাপতি শওকত আলী খান জাহাঙ্গীর সাংবাদিকদের বলেছেন, মোহামেডান আগে অপরাধ করেছে বলে তাদের নোটিশ দেওয়া হয়েছে। শেখ জামালকে নোটিশ দেওয়ার ব্যাপারটা নাকি তাঁরা ভাবছেন!