কারণ দর্শানোর নোটিশ মহিউদ্দিনকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ায় ফেডারেশনের উদ্যোগে প্রশিক্ষণে গেলেও সেখানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কর্মকর্তাদের সিদ্ধান্তের বাইরে কিছু করবে না ভারোত্তোলক দল—গত সেপ্টেম্বরে ইনচন যাওয়ার আগে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন ভারোত্তোলন ফেডারেশনের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ।
কিন্তু বিওএর দাবি, সেখানে গিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি পেতে বারবার বিওএ কর্মকর্তাদের অনুরোধ করতে থাকেন তিনি। বাংলাদেশ দলের শেফ দ্য মিশন বশির আহমেদ এতে বিব্রত হন। গেমস ভিলেজের আবাসিক কক্ষের কিছু সরঞ্জামের ক্ষতিও করেন বাংলাদেশের ভারোত্তোলকেরা। বিওএকে এ জন্য দেশে ফেরার আগে জরিমানা গুনতে হয়েছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে তিন মাস পর পরশু কুর্মিটোলা গলফ ক্লাবে বিওএর সভায় মহিউদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়।
তাঁকে কারণ দর্শাতে হবে—এ সিদ্ধান্তটি জেনে অবাকই হয়েছেন মহিউদ্দিন, ‘আমাকে কেন তারা কারণ দর্শাতে বলবে? আমি তো সেখানে দলের সঙ্গে যাইনি। গিয়েছি জুরিবোর্ডের চেয়ারম্যান হিসেবে। সেখানে আমি ভারোত্তোলন ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে খেলার অনুরোধ করতেই পারি। এটা তো অন্যায় কিছু না। আমি অনুরোধ করেছি, কিন্তু তাঁরা মানেননি। বিষয়টি ওখানেই শেষ হওয়ার কথা।’ মহিউদ্দিন বলেছেন, ভারোত্তোলকদের গেমস ভিলেজে তিনি তোলেননি, ‘গেমস ভিলেজে বিওএ কর্মকর্তারাই তুলেছেন ভারোত্তোলকদের। সুতরাং সেখানে যা যা ঘটেছে সেসবের দায় তাঁদেরই নিতে হবে। আমি তো ভিলেজে থাকিনি।’ বিষয়টিকে তিনি দেখছেন মর্যাদার দ্বন্দ্ব হিসেবে, ‘এটা আসলে ইগোর লড়াই। আমি অনেক পুরোনো সংগঠক। ঈর্ষায় পড়ে কয়েকজন আমাকে হেয় করার চেষ্টা করছে। শুধু তা-ই নয়, এটা পরিকল্পিত ঘটনা। এ জন্যই আগামী ইন্দো-বাংলা গেমস থেকে ভারোত্তোলনকে বাদ দিয়ে মহিলা হ্যান্ডবল ঢোকানো হয়েছে। অথচ এ খেলায় আমরাই সর্বাধিক গোল্ড জিততাম।’