উইম্বলডনে পোশাকবিধি শুধু খেলোয়াড়েরাই মেনে চলেন না, মেনে চলতে হয় রয়্যাল বক্সের দর্শকদেরও! ব্যাপারটি বোধ হয় জানা ছিল না ফর্মুলা ওয়ানের ব্রিটিশ চ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টনের। পুরুষ এককের ফাইনালে আমন্ত্রিত হওয়ার পরই ইনস্টাগ্রামে আমন্ত্রণপত্রের একটা ছবি পোস্ট করে হ্যামিল্টন লিখেছিলেন, ‘উইম্বলডনের পথে। পুরুষদের ফাইনাল দেখার আমন্ত্রণ পেয়ে সম্মানিত।’ কিন্তু যতটা আশা নিয়ে মাঠে এসেছিলেন ততটাই হতাশ হয়ে ফিরে যেতে হয় তাঁকে। বুটিদার জামা পরে এসেছিলেন। চোখে ছিল রোদচশমা, মাথায় টুপি। কিন্তু জ্যাকেট, টাই না পরলে রয়্যাল বক্সে বসা যায় না। উইম্বলডনের এটাই নিয়ম। ‘কেউ যদি জ্যাকেট, টাই এবং জুতো না পরে আসে তাহলে তার সামনে দুটি বিকল্প থাকে—এক. সেখানে না থাকা, দুই. ওই সব পোশাক জোগাড় করা’—বললেন উইম্বলডনের এক মুখপাত্র। প্রথমটিই মেনে ফিরে আসতে হওয়ায় ভীষণ হতাশ হ্যামিল্টন। এএফপি, রয়টার্স।