দুবাইভিত্তিক ক্লাব আল ওয়াসলে এরই মধ্যে ডিয়েগো ম্যারাডোনার প্রভাব পড়তে শুরু করেছে। ক্লাবটিতে যোগ দেওয়ার আশায় ফুটবলার সমাজ রীতিমতো হুমড়ি খেয়ে পড়ছে। আল ওয়াসলের প্রধান নির্বাহী আশরাফ আহমেদ মোহাম্মেদ বলছেন, ম্যারাডোনা নিয়োগ পাওয়ার পর থেকে আল ওয়াসলে যোগ দিতে ফুটবলারদের লাইনই পড়ে গেছে।এত দিন আড়ালে থাকা আল ওয়াসল বিখ্যাত ম্যারাডোনাকে কোচ নিয়োগ দিয়েছে কয়েকটি কারণে। প্রথম কারণ তো অবশ্যই বিশ্ববাসীর নজরকাড়া। সেই উদ্দেশ্য সফল। চুক্তির খবর প্রচারের পর থেকেই ম্যারাডোনা এবং আল ওয়াসল বিশ্ব ফুটবল অঙ্গনে আলোচনার অন্যতম বিষয়। যা দেখে ওয়াসলের প্রধান নির্বাহী বিস্মিত, ‘আমাদের নাম এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। বিশ্বব্যাপী অবিশ্বাস্য সাড়া পেয়েছি। তিন বছর হলো আমরা পেশাদার। সমৃদ্ধ জীবনবৃত্তান্তের অনেক কোচই আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। কিন্তু আমি এমনটা দেখিনি। আমার ধারণা, এটাই এখন টক অব দ্য ওয়ার্ল্ড।’দুই বছরের জন্য চুক্তিবদ্ধ ম্যারাডোনা সাতবারের চ্যাম্পিয়ন ওয়াসলের কোচ হিসেবে কাজ শুরু করবেন আগামী মাসে। তবে ম্যারাডোনার নামে অনুপ্রাণিত হয়ে এখনই ওয়াসলের দরজায় কড়া নাড়তে শুরু করে দিয়েছেন ফুটবলাররা। আগ্রহী এই ফুটবলারদের ভিড়টা কেমন, ওয়াসলের প্রধান নির্বাহী আশরাফের বক্তব্য থেকেই তা বুঝে নিতে পারেন, ‘ভিন্ন ভিন্ন অনেক ফুটবলারের ফোন পাচ্ছি, যাঁরা আল ওয়াসলে যোগ দিতে চান। কিন্তু আমরা চাই না বাস্তবতাকে ছাপিয়ে যাক আমাদের উত্তেজনা। সংখ্যা নয়, আমাদের দরকার মান।’এখনো কাজ শুরু না করলেও ওয়াসলের আগের কোচদের সঙ্গে ম্যারাডোনার পার্থক্যটা ধরতে পেরেছেন আশরাফ, ‘আগের কোচদের আমরা শুধু দিয়েছি, পাইনি। কিন্তু ম্যারাডোনার ক্ষেত্রে বিষয়টা উল্টো। পেশাদারি থাকতে হবে। সবকিছুই পেশাদার ও ঠিকঠাক হতে হবে। ম্যারাডোনা বলেছেন, তিনি দ্বিতীয় হতে চান না, হতে চান শুধু এক নম্বর। আমরা আশাবাদী এবং বুঝেশুনে এগোতে চাই। আমরা জানি, আমরা সেরা হতে চাই এবং অবশ্যই কাজের মাধ্যমে এক নম্বর হতে চাই। এবং সেটা শুধু আরব আমিরাতে নয়, এশিয়ায়।’ রয়টার্স।