কারণ সানিয়া!
দলের সঙ্গে থেকেও লর্ডসে প্রথম টেস্টের দলে নেই শোয়েব মালিক। গুঞ্জন আছে, অনুশীলন বাদ দিয়ে স্ত্রী সানিয়া মির্জার সঙ্গে লন্ডন শহর ঘুরে বেড়ানোর ‘অপরাধে’ই নাকি দল থেকে বাদ দেওয়া হয়েছে সাবেক অধিনায়ককে। তবে মিডিয়ার এই দাবিকে উড়িয়ে দিয়েছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট এবং সানিয়ার পরিবার।পাকিস্তানের টিম ম্যানেজার ইয়াওয়ার সাঈদ বরং বলছেন, বাজে ফর্মের কারণেই অস্ট্রেলিয়ার বিপক্ষে লর্ডস টেস্টের দলে নেওয়া হয়নি মালিককে। এটা শৃঙ্খলাভঙ্গের শাস্তি নয়। প্রতিবাদ এসেছে শোয়েব-পত্নী সানিয়া মির্জার পরিবার থেকেও। সানিয়ার বাবা ইমরান মির্জা এ ধরনের খবরকে ‘বিদ্বেষপূর্ণ এবং হাস্যকর গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন। ‘বুঝতে পারছি না কারা এ ধরনের গুজব রটাচ্ছে। এগুলো ভিত্তিহীন ও শিশুসুলভ অভিযোগ। শোয়েব-সানিয়া দুজনই পরীক্ষিত পেশাদার খেলোয়াড়। পেশাগত জীবনে ব্যক্তিগত জীবনের প্রভাব তারা কখনোই পড়তে দেয় না।’এর আগে পাকিস্তান দলের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে দ্য নিউজ পত্রিকা লিখেছিল, ‘স্ত্রীর সঙ্গে খুব বেশি সময় কাটাচ্ছেন শোয়েব। দলের হয়ে দীর্ঘদিন খেলতে চাইলে তাকে খেলায় পুরোপুরি মনোযোগ দিতে হবে।’ রিপোর্টে এও বলা হয়েছে, বিষয়টা নিয়ে অধিনায়ক শহীদ আফ্রিদি মালিকের সঙ্গে কথা বলেছেন এবং তাকে ভবিষ্যতে আরও সতর্ক হতে বলেছেন। ওয়েবসাইট।