কারণটা বুঝেছেন রোনালদো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এত দিনে ক্রিস্টিয়ানো রোনালদো বুঝতে পেরেছেন যে কেন এত ‘বৈষম্যের’ শিকার হন। সবাই তাঁকে ঈর্ষা করে বলেই প্রতিপক্ষের সমর্থকেরা দুয়ো দিয়ে কান ফাটায়। এ কারণে কিছু কিছু রেফারি তাঁর বিপক্ষে ফাউলগুলোকে দেখেও দেখেন না। পরশু চ্যাম্পিয়নস লিগে ডায়নামো জাগরেবের বিপক্ষে খেলার পর রোনালদো তাঁর মনের এই ক্ষোভ ও দুঃখের জ্বালামুখটা দিয়েছেন খুলে।রোনালদোর চোখে এই ম্যাচের রেফারিং ছিল ‘লজ্জাজনক’, ‘ম্যাচে তিন পয়েন্ট পাওয়ায় আমরা খুবই খুশি। কিন্তু রেফারিং নিয়ে খুশি হতে পারছি না। আশা করি এই রেফারি আর কোনো দিন আমাদের ম্যাচে থাকবেন না। লোকে ফেয়ার প্লে, ভালো খেলোয়াড়দের সুরক্ষা নিয়ে কত কথা বলে। কিন্তু আমি কোনো দিন সেটা পেলাম না। এটা আমার মাথায়ই ঢোকে না। আমি খুবই ব্যথিত। কারণ রেফারিরা বলে, তারা ভালো খেলোয়াড়দের সুরক্ষা দেবে। কাউকে কাউকে তা দেওয়া হয়। কিন্তু মনে হয় আমাকে চাইলেই আঘাত করা যাবে।’এই ম্যাচের প্রতিপক্ষের সমর্থকেরা রোনালদোকে বেশ ভালোই দুয়ো দিয়ে গেছে। রোনালদো বলছেন, প্রতিপক্ষের সমর্থকদের শ্রদ্ধা না পাওয়াটা তাঁর ব্যর্থতা নয়, বরং ঈর্ষা থেকেই এসব করা হয়, ‘এমনটা করা হয়, কারণ আমি ধনী, সুদর্শন ও গ্রেট খেলোয়াড়। এ কারণেই লোকে আমাকে ঈর্ষা করে। এ ছাড়া আর কোনো ব্যাখ্যা তো খুঁজে পাই না।’ এএফপি, রয়টার্স।