কারস্টেনকে কোচ হিসেবে চায় প্রোটিয়ারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার গ্যারি কারস্টেন কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে নাটকীয়ভাবে পাল্টে দিয়েছেন ভারতীয় ক্রিকেটকে। টেস্ট ক্রিকেটে আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে নিয়ে গেছেন ভারতকে। এরপর ২৮ বছর পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের আনন্দে মাতিয়েছেন দেশটিকে। সব মিলিয়ে সেখানে পুরোপুরি সফল একটা সময় পার করেছেন কারস্টেন। বিশ্বকাপের পরপরই তিনি পরিবারকে সময় দেওয়ার অভিপ্রায়ে ছেড়েছেন এ দায়িত্ব। ভারতীয় ক্রিকেট সংশ্লিষ্টরা তাঁকে আরও কিছুদিন কোচ হিসেবে দায়িত্ব পালন করে যাওয়ার অনুরোধ করলেও তিনি তাতে কান দেননি। ভারতীয় দায়িত্ব থেকে ছুটি নিয়ে চলে আসার পর কারস্টেনকে নিয়ে এখন জল্পনা, তাঁর নতুন গন্তব্য হবে কোথায়? তাঁর দেশ দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা খুব করে চাচ্ছেন, গ্যারি কারস্টেন এবার হাল ধরুন প্রোটিয়া জাতীয় দলের। দলটিকে নিজ হাতে গড়ে তুলে এনে দিন কাঙ্ক্ষিত সাফল্য।শিরোপার প্রত্যাশা থাকলেও বিশ্বকাপে প্রতিবারই খুব বাজেভাবে ব্যর্থ দক্ষিণ আফ্রিকা। এবারের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডের কাছে ‘দুঃখজনক’ হারের পর দলের কোচের দায়িত্ব ছেড়েছেন কোচ কুরি ভন জিল। তাঁর জায়গায় এখন গ্যারি কারস্টেনকেই দেখতে আগ্রহী বেশির ভাগ প্রোটিয়া ক্রিকেটার। ফাস্ট বোলার মরনে মরকেল তাঁর এই আকাঙ্ক্ষার কথা বেশ স্পষ্টভাবেই জানিয়েছেন। তিনি বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকা দলে কারস্টেনকে কোচ হিসেবে দেখতে পেলে আমার খুবই ভালো লাগবে। তিনি নিজের যোগ্যতা খুব ভালোমতোই প্রমাণ করেছেন। ব্যক্তিগতভাবে আমি গ্যারির সঙ্গে অনেক ব্যাপার নিয়ে আলাপ করতাম। তিনি দক্ষিণ আফ্রিকার সাজঘরে খুবই জনপ্রিয় ও শ্রদ্ধেয় একজন ব্যক্তি। ভারতের কোচ হিসেবে তাঁর সাফল্যটা অসাধারণ। বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতাটা নিশ্চয়ই তিনি খুব ভালোমতোই অনুধাবন করেছেন। আশা করছি, কোচ হিসেবে সেই অভিজ্ঞতা আমাদের মধ্যেও ছড়িয়ে দিয়ে দেশকে প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেটে বিজয়ী করবেন।’ ওয়েবসাইট।