কারস্টেনকে 'উপহার' দিতে চান স্টেইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যারি কারস্টেনকে ভারত বিদায় জানিয়েছিল বিশ্বকাপ উপহার দিয়ে। এবার দক্ষিণ আফ্রিকানরাও হাঁটতে চাইছে সেই পথে। সামনে তো আর বিশ্বকাপ নেই, তাই চ্যাম্পিয়নস ট্রফিটাই বিদায়ী কোচকে উপহার দিতে চায় প্রোটিয়ারা। পরশু দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার ডেল স্টেইন জানিয়েছেন, চ্যাম্পিয়নস ট্রফি জয়ই হবে কারস্টেনের জন্য সবচেয়ে বড় উপহার। সেই সঙ্গে নতুন কোচ রাসেল ডোমিঙ্গোকে নিয়েও আশাবাদী স্টেইন। এই গতিতারকা মনে করেন, নতুন কোচের হাত ধরে আরও অনেক দূর এগিয়ে যাবে তাঁর দল।

দক্ষিণ আফ্রিকাকে টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে ওঠানো কারস্টেন বিদায় নিচ্ছেন আগামী মাসের চ্যাম্পিয়নস ট্রফির পরই। গত সপ্তাহে হঠাৎ করেই চুক্তির মেয়াদ আর না বাড়ানোর ঘোষণা দিয়ে দক্ষিণ আফ্রিকানদের স্তম্ভিত করে দেন কারস্টেন। পরিবারকে আরও বেশি সময় দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া। তবে কোচ যাতে মাথা উঁচু করেই বিদায় নিতে পারেন, সে জন্যই চ্যাম্পিয়নস ট্রফিটা জিততে চান স্টেইন, ‘এটা হবে দারুণ এক ব্যাপার। তাঁর জন্য দল ছাড়ার সুন্দর এক পথ। ঠিক যেন বিশ্বকাপ জিতেই ভারতের দায়িত্ব ছাড়ার মতো।’ স্টেইন চাইছেন বিদায়বেলায় গুরুকে তাঁরা যেন বলতে পারেন, ‘আপনি এখন আরেকটি ট্রফি নিয়ে বাড়ি যেতে পারেন।’

বারবার ফেবারিট হয়েও বড় কোনো টুর্নামেন্ট জিততে না পারার ইতিহাস দক্ষিণ আফ্রিকার গায়ে ‘চোকার’ তকমাটা ভালোভাবেই সেঁটে গেছে। গা থেকে সেই তকমাটা ঝেড়ে ফেলার ভালো সুযোগ সামনে। সে জন্য প্রস্তুতিটা ভালোই সেরে রেখেছেন বলে জানিয়েছেন টেস্ট র‌্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা বোলার স্টেইন। রয়টার্স।