কারস্টেনের উত্তরসূরি ডমিনিগো

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের কোচ হিসেবে আর নয়। আগামী আগস্ট মাসে চুক্তির মেয়াদ শেষ হলেই দায়িত্ব ছেড়ে দেবেন গ্যারি কারস্টেন। কারস্টেনের এই ঘোষণার ২৪ ঘণ্টা যেতে না যেতেই তাঁর সহকারী রাসেল ডমিনিগোকে কোচ হিসেবে পদোন্নতি দিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ডমিনিগোকে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ করা হয়েছে। আগামী ১ আগস্ট নতুন দায়িত্ব হাতে নেবেন ৩৮ বছর বয়সী এই কোচ।গত দুই বছর গ্যারি কারস্টেনের সহাকারী হিসেবে ছিলেন ডমিনিগো। এখন কাজ করতে হবে প্রধান কোচ হিসেবে। কাজটা কঠিন হবে জানিয়ে আজ শনিবার এক সংবাদ সম্মেলনে ডমিনিগো বলেন, ‘কারস্টেনের সমকক্ষ হওয়া কঠিন। তবে তিনি দলের জন্য যা করেছেন, সেটা ধরে রাখার চেষ্টা করব আমি। একই সঙ্গে নিজের অভিজ্ঞতাও দলের সঙ্গে যোগ করব।’ডমিনিগো বলেন, ‘জাতীয় দলের সঙ্গে দারুণ দুটি বছর কাটানোর পর এটা আমার জন্য বড় একটা দিন। গ্যারি কারস্টেন ও অ্যালান ডোনাল্ডের (বোলিং কোচ) কাছ থেকে অনেক কিছু শিখেছি। আশা করছি, দলকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারব।’পারিবারিক কারণ দেখিয়ে গতকাল শুক্রবার কারস্টেন জানান, দক্ষিণ আফ্রিকার সঙ্গে তাঁর দুই বছর মেয়াদি চুক্তিটা বাড়াবেন না তিনি। বর্তমান চুক্তি অনুযায়ী আগামী আগস্টেই দায়িত্ব ছাড়বেন তিনি।দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ক্রিস ন্যানজানি গতকালই সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার সামনে ব্যস্ত সূচি। এ কারণে কারস্টেনের উত্তরসূরি নির্বাচনে খুব বেশি দেরি করবে না বোর্ড। তিনি বলেন, ‘জুলাই ও আগস্টে শ্রীলঙ্কা সফর, নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে সিরিজ, এরপর ঘরের মাঠে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজ। এ অবস্থায় দ্রুত কারস্টেনের উত্তরসূরি নির্বাচন করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’
সত্যিই কারস্টেনের উত্তরসূরি নির্বাচনে এতটুকু দেরি করেনি দক্ষিণ আফ্রিকা বোর্ড। এক দিন যেতে না যেতেই ডমিনেগোকে কোচ হিসেবে ঘোষণা করা হলো।
২০১১ সালের এপ্রিলে ভারতকে বিশ্বকাপ উপহার দিয়ে দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন কোচ কারস্টেন। নিজ দেশ দক্ষিণ আফ্রিকা দলের দায়িত্ব নেন একই বছরের আগস্টে। আগামী মাসে ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফিতে শেষবারের মতো দক্ষিণ আফ্রিকার কোচ হিসেবে দেখা যাবে কারস্টেনকে।