কারস্টেনের উত্তরসূরি ফ্লেচার
প্রায় এক যুগ আগে জাতীয় দলের কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন টেস্ট র্যাঙ্কিংয়ের সবচেয়ে তলানিতে থাকা দলকে দিয়ে। সেই ডানকান ফ্লেচার এখন টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ আর ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়ন দলের কোচ। ২৩ এপ্রিল ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান শশাঙ্ক মনোহর বলেছিলেন, গ্যারি কারস্টেনের উত্তরসূরি নির্বাচনে তাড়াহুড়ো করবেন না তাঁরা। কিন্তু কাল ওয়ার্কিং কমিটির সভা শেষেই এল ঘোষণা—ভারতের নতুন কোচ ফ্লেচার। টেস্ট র্যাঙ্কিংয়ের এক ও তিন নম্বর দলের (ইংল্যান্ড) কোচ এখন এমন এক দেশের, জিম্বাবুয়ে নামের যে দেশটি দীর্ঘদিন টেস্ট ক্রিকেটের বাইরে!ফ্লেচার ছাড়াও বিসিসিআইয়ের সম্ভাব্য তালিকায় ছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার ও স্টিভেন ফ্লেমিং। ভারতের নজর পড়েছে জানতে পেরেই ফ্লাওয়ারকে ধরে রাখতে আটঘাট বেঁধে নামে ইংল্যান্ড। আর চেন্নাই সুপার কিংসের কোচ ফ্লেমিং জানিয়ে দেন, জাতীয় দলের কোচ হওয়ার জন্য এখনো মানসিকভাবে প্রস্তুত নন তিনি। ফ্লেচার তাই একরকম প্রতিদ্বন্দ্বীহীন ছিলেন বলা যায়। বিসিসিআই সচিব এন শ্রীনিবাসন জানিয়েছেন, চুক্তি হয়েছে দুই বছরের। তবে ভারতের পরবর্তী সফর ওয়েস্ট ইন্ডিজে নাও যেতে পারেন ৬২ বছর বয়সী সাবেক অলরাউন্ডার। সে ক্ষেত্রে ওই সফরে মূল কোচের দায়িত্ব পালন করবেন বোলিং কোচ এরিক সিমন্স। কাল সিমন্সের চুক্তি বাড়ানোর ঘোষণাও এসেছে। ওয়েস্ট ইন্ডিজে সিমন্সের সহকারী হতে পারেন রবিন সিং; বেশ কিছুদিন ভারতের ফিল্ডিং কোচ থাকা এই সাবেক অলরাউন্ডার এখন মুম্বাই ইন্ডিয়ানসের কোচ।টেস্টপূর্ব যুগে জিম্বাবুয়ের শীর্ষ ক্রিকেটারদের একজন ছিলেন ফ্লেচার। তাঁর অধিনায়কত্ব ও অলরাউন্ড নেপুণ্যে (৬৯ রান, ৪/৪২) নিজেদের প্রথম ওয়ানডেতে (১৯৮৩ বিশ্বকাপে) অস্ট্রেলিয়াকে হারিয়েছিল জিম্বাবুয়ে, যেটিকে এখনো মনে করা হয় ওয়ানডে ইতিহাসের অন্যতম বড় অঘটন। ওই বিশ্বকাপের ৬ ম্যাচেই সীমাবদ্ধ তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার। তবে জিম্বাবুয়ে ছাড়াও দীর্ঘদিন প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন ওয়েস্টার্ন প্রভিন্সের হয়ে, দক্ষিণ আফ্রিকায়। এই দলের কোচ হিসেবেই কোচিং ক্যারিয়ার শুরু ১৯৯৩ সালে। পরের বছরই আবেদন করেছিলেন দক্ষিণ আফ্রিকার মূল কোচের জন্য। এডি বারলো ও বব উলমারের সঙ্গে তাঁর সাক্ষাৎকারও নিয়েছিল দক্ষিণ আফ্রিকা বোর্ড; পরে বেছে নেওয়া হয় উলমারকে। ফ্লেচার পরে কিছুদিন কোচিং করিয়েছেন কাউন্টি দল গ্লামারগনকে। ১৯৯৯ সালে দেশের মাটিতে বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়লে ডেভিড লয়েডকে সরিয়ে প্রথম বিদেশি হিসেবে ফ্লেচারকে কোচ নিয়োগ করে ইংল্যান্ড। নিউজিল্যান্ডের কাছে সিরিজ হেরে টেস্টেও তখন তারা সবার নিচে। ফ্লেচার দায়িত্ব নেওয়ার পরপরই শ্রীলঙ্কা ও পাকিস্তানে ঐতিহাসিক জয় পায় ইংল্যান্ড। অ্যাশেজে উড়ে গেলেও বর্ণবাদ থেকে ফিরে আসার পর দক্ষিণ আফ্রিকাকে হারায় তারা প্রথমবারের মতো। প্রথমে নাসের হুসেইন ও পরে মাইকেল ভনের সঙ্গে তাঁর জুটিকে দেওয়া হয় ইংলিশ ক্রিকেটের মোড় পাল্টে দেওয়ার কৃতিত্ব। ২০০৫ সালে তাঁর কোচিংয়ে ১৮ বছর পর অ্যাশেজ জেতে ইংল্যান্ড। তবে পরের অ্যাশেজে হোয়াইটওয়াশ ও ২০০৭ বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়ার পর ফ্লেচার নিজেই সরে দাঁড়ান। পরে ২০০৮ সালে ও গত বিশ্বকাপে কাজ করেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটিং উপদেষ্টা হিসেবে। একই দায়িত্ব পালন করেছেন নিউজিল্যান্ডের হয়েও, গত নভেম্বরের ভারত সফরে।কোচ হিসেবে সাফল্য অবশ্যই একটা কারণ। তবে বিসিসিআই নিশ্চিতভাবেই বেশি গুরুত্ব দিয়েছে নেপথ্যে থেকে নিজের কাজ ঠিকঠাক করে যাওয়ার গুণটাকে। সে জন্যই কারস্টেনকে আরও এক বছর ধরে রাখতে রেকর্ড ১০ লাখ ডলারের প্রস্তাব দিয়েছিল বিসিসিআই। কারস্টেনের মতো প্রচারের আলোটা ফ্লেচারকেও টানে না। তবে তাঁকে দীর্ঘদিন কাছ থেকে দেখা সাবেক ইংল্যান্ড অধিনায়ক ভনের ধারণা, মিডিয়াকে সামলানোই হবে ফ্লেচারের মূল চ্যালেঞ্জ, ‘ভারতের প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে ডানকান ভালোই কাজ করবে। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মিডিয়া। কারণ, মিডিয়ার ব্যাপারগুলো ও কখনোই খুব একটা বুঝতে পারেনি।’ভনের কথা সত্যি হলে, ফ্লেচারের জন্য অপেক্ষা করছে জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ! এএফপি, ওয়েবসাইট।