কারস্টেনের জন্যই চাকরিটা নিয়েছেন ডোনাল্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতিই দক্ষিণ আফ্রিকার বোলিং কোচের দায়িত্ব নিয়েছেন অ্যালান ডোনাল্ড। নিজ দেশের হয়ে কোচিং ক্যারিয়ারটা নতুনভাবে শুরু করতে পেরে দারুণ উচ্ছ্বসিত তিনি। তবে কাজটা তিনি শুধু মূল কোচ গ্যারি কারস্টেনের কথাতেই নিয়েছেন বলে খোলাখুলিই স্বীকার করেছেন সাবেক এই প্রোটিয়া ফাস্ট বোলার। কারস্টেনের জায়গায় অন্য কেউ থাকলে এই কাজটা নিতেন কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন ডোনাল্ড।দক্ষিণ আফ্রিকার বোলিং কোচ হিসেবে এই নিয়োগটাকে দেশের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করার সঙ্গে তুলনা করেছেন ডোনাল্ড। তিনি বলেছেন, ‘যখন গ্যারি আমাকে এই বোলিং কোচের প্রস্তাবটা দিয়েছিল, সেটা ছিল আমার জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্ত। আমি সব সময়ই নিজ দেশের মানুষদের সঙ্গে কাজ করার স্বপ্ন দেখতাম। ১৯৯১ সালে আমাকে যখন দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার প্রস্তাব দেওয়া হয়েছিল, তখনও আমি এরকমই খুশি হয়েছিলাম। কিন্তু এখন যদি মূল কোচের দায়িত্বে কারস্টেন ছাড়া অন্য কেউ থাকত, তাহলে হয়তো আমি রাজি হতাম না। আমরা অনেক পুরোনো বন্ধু। আমরা দীর্ঘদিন একসঙ্গে খেলেছি। আর কারস্টেনের ব্যবহারও খুব অমায়িক। সে সবার প্রিয়।’দক্ষিণ আফ্রিকার বোলিং কোচের এ দায়িত্বটা নেওয়ার আগে কিছুদিন নিউজিল্যান্ডের ফাস্ট বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ডোনাল্ড। তবে সেখানে সময়টা খুব বেশি ভালো কাটছিল না তাঁর। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান জাস্টিন ভনের সঙ্গে ডোনাল্ডের মনোমালিন্যের খবরটা বেশ কয়েকবারই শোনা গিয়েছিল। এ রকম পরিস্থিতিতে নিজ দেশে ফেরার প্রস্তাবটা গ্রহণ করতে একটুও সময় নষ্ট করেননি সাবেক এই ডানহাতি পেসার। তিনি বলেছেন, ‘নিউজিল্যান্ড ছেড়ে যাওয়ার জন্য আমি আমার ব্যাগ গুছিয়েই রেখেছিলাম। আর যখন আমি গ্যারির কাছ থেকে এই প্রস্তাবটা পেলাম, তখন হ্যাঁ বলতে আমার এক সেকেন্ডও সময় লাগেনি।’ পিটিআই।