কারস্টেনের বিকল্প খুঁজে পাওয়া ভারতের জন্য সমস্যা: ওয়ার্ন
বেশ কয়েক বছর ধরেই আইপিএল ফ্র্যাঞ্চাইজ রাজস্থান রয়েলসের ঘরের ছেলেতে পরিণত হয়েছেন স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন। এ নিয়ে চতুর্থ আইপিএল আসর খেলতে নামবেন তিনি কোচ কাম অধিনায়ক হিসেবে। গতকালই সংবাদের শিরোনাম হয়েছিলেন ওয়ার্ন ভারতের কোচ হওয়ার একটি গুজবকে কেন্দ্র করে। ওয়ার্ন অবশ্য জানিয়েছেন, এমন কোনো সম্ভাবনা আপাতত তাঁর নেই।তবে শেন ওয়ার্ন ভারতের বিদায়ী কোচ গ্যারি কারস্টেনের ভূয়সী প্রশংসা করে বলেছেন, গ্যারির বদলি খুঁজে পেতে সমস্যায় পড়তে হতে পারে ভারতকে।ওয়ার্নের মতে, ‘এ মুহূর্তে পেশাদার কোচদের প্রায় সবাই ভারতের কোচ হতে চাইবেন। কারণ, গ্যারি এ দলটিকে এমন জায়গায় তৈরি রেখে দিয়ে যাচ্ছে, যেখানে দাঁড়িয়ে কাজ করাটা হবে খুব আরামের।’শেন ওয়ার্ন গ্যারি কারস্টেনকে একজন চমত্কার মানুষ হিসেবে অভিহিত করে বলেন, ‘সে কেবল দুর্দান্ত এক ক্রিকেটারই ছিল না, সে মানুষ হিসেবেও অনেক চমত্কার।’আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বেশ কয়েক বছর আগে। কিছুদিন অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট খেললেও সেটাও বাদ দিয়ে দিয়েছেন কিছুদিন হলো। এ মুহূর্তে ওয়ার্নের ধ্যান-জ্ঞান—প্রায় সবকিছুই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজ রাজস্থান রয়েলসকে ঘিরে। আইপিএলের প্রথম আসরে তাঁর নেতৃত্বেই শিরোপা ঘরে তুলেছিল রাজস্থান। এবার সেই সাফল্যের পুনরাবৃত্তি চান এই লেগ স্পিনার।‘রাজস্থান দলে আসলে তেমন কোনে পরিবর্তন আসেনি। তবে আগের অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে যুক্ত হয়েছে কয়েকজন প্রতিভাবান খেলোয়াড়। আশা করি, এবারের আইপিএলের আমরা ভালোই খেলব।’এ মুহূর্তে পল কলিংউডের ইনজুরি সমস্যাই সবচেয়ে বেশি ভাবনায় ফেলেছে ওয়ার্নকে। গতকালই জানা গেছে, ডান হাঁটুর অস্থিতন্তুর অস্ত্রোপচারের কারণে কলিংউড আইপিএল খেলতে পারবেন না। তবে ওয়ার্ন জানিয়েছেন, কলিংউড ইনজুরিতে পড়লেও তাঁরা তাঁর বদলি পেয়ে গেছেন। কলিংউডের বদলি যে জ্যাকব ওরাম—সেটা অবশ্য জানিয়ে দিতে ভোলেননি ওয়ার্ন। ওয়েবসাইট।