কারস্টেনের হূদয়জুড়ে ‘পরিবার’
ভারতের বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কারস্টেনের হূদয়জুড়ে পরিবার। তিনি তাঁর পরিবারকে সময় দিতে চান। সে জন্য বিশ্বকাপ জয়ের পর পরই ছেড়ে দিয়েছেন ক্রিকেট বিশ্বের সবচেয়ে লোভনীয় হিসেবে বিবেচিত ভারতীয় ক্রিকেট দলের কোচের পদটি। কানাঘুষা রয়েছে তিনি নিজ দেশেরই জাতীয় ক্রিকেট দলের কোচের পদটি আলোকিত করতে যাচ্ছেন। সে জন্য তিনি নাকি সাক্ষাত্কারও দিয়েছেন। তবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড এখনো এই সাক্ষাত্কারের ব্যাপারে গণমাধ্যমকে কিছু জানায়নি। গ্যারি কারস্টেনও মুখে রীতিমতো কুলুপ এঁটে রয়েছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, তিনি এ মুহূর্তে সেই দলেরই দায়িত্ব নেবেন, যে দলের দায়িত্ব নিলে তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন। কারস্টেনের কথায় ইঙ্গিতটা খুবই স্পষ্ট। নিজ দেশের দায়িত্ব নিলেই যে তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন—তা বুঝতে তো আর বিশেষ কিছু হতে হয় না।কারস্টেন বলেন, ‘ভারতের কোচ হয়ে সাফল্য পেয়েছি। আমিও চাই কোচের কাজটা চালিয়ে যেতে। এই মুহূর্তে আমার কাছে বেশ কিছু প্রস্তাব রয়েছে। তবে পরিবারকে সময় দিতে পারব—এমন চাকরিই আমার কাছে প্রার্থিত।’দক্ষিণ আফ্রিকার কোচ হলেও সমস্যা রয়েছে। অনেক সময়ই তাঁকে দলকে নিয়ে বাড়ির বাইরে থাকতে হবে। এটা নিয়ে বেশ ভালোভাবেই ভাবছেন তিনি। বলেছেন, ‘ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ। আমার দুই ছেলে বড় হচ্ছে। ওদের কাছাকাছি এখন আমার থাকা দরকার।’আইপিএল নিয়েও ভাবছেন কারস্টেন। আইপিএলের একটি দলের দায়িত্ব নেওয়াটাও খারাপ নয়। এতে দীর্ঘ সময় বাড়ির বাইরে থাকতে হবে না। তবে সবকিছু খুব তাড়াতাড়িই চূড়ান্ত করবেন বলে জানিয়েছেন কারস্টেন। ওয়েবসাইট।