কারা আসছেন আফ্রিদিদের বদলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফারুক আহমেদের কণ্ঠটা শোনাল হাহাকারের মতো। দল নিয়ে কাল রাত আটটাতেও অনিশ্চিত রংপুর রাইডার্সের ম্যানেজার, ‘কোনো বিদেশি ক্রিকেটার নেই হাতে। খুব ঝামেলায় আছি...।’ দুশ্চিন্তার ছাপ খুলনা রয়েল বেঙ্গলসের ম্যানেজার আহসানুর রহমান মল্লিকের কণ্ঠেও। গতবারের সেমিফাইনালিস্টরা এবার খেলবে উদ্বোধনী ম্যাচেই। অথচ কাল রাত পর্যন্ত খুলনার হাতে ছিল মাত্র ১০ জন ক্রিকেটার!সব দল মিলিয়ে বিপিএলে পাকিস্তানি ক্রিকেটার ছিলেন ২৬ জন। ধাক্কাটা তাই কম-বেশি সব দলেই লেগেছে। তবে সবচেয়ে টালমাটাল খুলনা ও রংপুর। এই দুই দলকে সবকিছু ঢেলে সাজাতে হচ্ছে। কাগজে-কলমের হিসাবে সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত দল ঢাকা গ্ল্যাডিয়েটরস। পাকিস্তানের একমাত্র শহীদ আফ্রিদিই ছিলেন বর্তমান চ্যাম্পিয়নদের দলে। আফ্রিদির বিকল্প খোঁজা হচ্ছে, না পেলেও খুব বেশি ভাবনার কিছু নেই। লুক রাইট আসবেন বিগ ব্যাশ শেষ করে, অস্ট্রেলিয়া সিরিজ শেষ করে তিলকরত্নে দিলশান। স্থানীয় আর বিদেশি মিলিয়ে যাঁরা এখন আছেন, তাদের নিয়েই অন্তত কাগজে-কলমে সেরা দল ঢাকাই।ঠিক উল্টো প্রান্তে বিপিএলের নতুন দল। কাগজে-কলমে এমনিতেই দুর্বলতম দল রংপুর, স্কোয়াডে ক্রিকেটারই ছিল মাত্র ১৪ জন। তাঁদের মধ্যে তিন পাকিস্তানি তো নেই-ই, বাকি দুই বিদেশি কেভিন ও’ব্রায়েন ও ফিদেল এডওয়ার্ডসকেও প্রথম ম্যাচের আগে পাওয়া অনিশ্চিত। দল সাজাতেই হিমশিম খাচ্ছেন ফারুক, ‘শুধু বিকল্প ক্রিকেটার নিলেই তো হবে না, আমাদের চাহিদামতো হতে হবে। আমরা যেমন এডওয়ার্ডস আর পাকিস্তানের আনোয়ার আলীকে নতুন বলের বোলার ভেবে রেখেছিলাম। পাকিস্তানের শারজিল খানকে ভেবেছিলাম টপ-অর্ডারে। এখন উপযুক্ত বিকল্প পাওয়াই তো মুশকিল।’খুলনা দল সাজিয়েছিল মূলত পাকিস্তানিদের ঘিরেই। গত আসরের সর্বোচ্চ স্কোরার আহমেদ শেহজাদ, শোয়েব মালিক, উমর আকমলসহ সবচেয়ে বেশি, সাতজন পাকিস্তানি ছিলেন এই দলে। চোটের কারণে আসতে পারছেন না অস্ট্রেলিয়ান পেসার শেন হারউড। আজ চলে আসার কথা রিকি ওয়েসেলসের, সঙ্গে স্থানীয়দের মিলিয়ে দলে মাত্র ১০ জন খেলোয়াড়! কাল সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত বিকল্প একজন ক্রিকেটারকেও নিশ্চিত করতে পারেনি দলটি। চিটাগং কিংস পাচ্ছে না ইমরান নাজির, সাঈদ আনোয়ার জুনিয়র ও ওয়াহাব রিয়াজকে। তবে বিকল্প নিয়ে তাদের এত তাড়াহুড়ো নেই। রবি বোপারা, জেসন রায়, ব্রেন্ডন টেলর ও কেভন কুপার চলে এসেছেন। ডেসকাট-ওরামদের কয়েক দিনের মধ্যে আসার কথা। বরিশাল বার্নার্স এমনিতেই খুব বেশি দিন পেত না সাঈদ আজমল ও উমর গুলকে। তবে কামরান আকমল ও হাম্মাদ আজমের মতো গুরুত্বপূর্ণ দুজনকে হারিয়েছে গতবারের সেমিফাইনালিস্টরা। কাল সন্ধ্যা পর্যন্ত বিকল্প পায়নি তারাও। ইংলিশ পেসার কবির আলী ও এখন ইংলিশ পাসপোর্টধারী আজহার মেহমুদ চলে এসেছেন। গতবারের দুই সফল ব্যাটসম্যান ব্র্যাড হজ ও ফিল মাস্টার্ড চলে আসবেন দু-এক দিনের মধ্যে।কয়েক দিন আগে আবদুল রাজ্জাককে এনে ‘নিশ্চয়তা’ দিতে চেয়েছিল যে দল, সেই দুরন্ত রাজশাহী আবার বিকল্প সংগ্রহে সবচেয়ে আগে। নতুন পাঁচজন হয়ে গেছে। দুই লঙ্কান দিলশান মুনাবীরা ও সাচিত্রা সেনানায়েকে আসছেন, অস্ট্রেলিয়া সিরিজ শেষে লাহিরু থিরিমান্নে, বিগ ব্যাশ শেষে সাইমন ক্যাটিচ। অ্যালেক্স হেলস অবশ্য বেঁকে বসেছেন, নিলামে ভিত্তি মূলে বিক্রি হলেও এখন নাকি দর-কষাকষি করছেন ইংলিশ ওপেনার! সিলেট রয়্যালস নিশ্চিত করেছে এল্টন চিগুম্বুরা ও আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীকে। ক্যারিবিয়ান টি-টোয়েন্টি খেলে আসবেন শিবনারায়ণ চন্দরপলও। টুর্নামেন্ট একটু পিছিয়ে দলগুলোকে গুছিয়ে ওঠার সুযোগ দেওয়া যেত। কিন্তু বিসিবি প্রধান নাজমুল হাসান এটাকে নিয়েছেন চ্যালেঞ্জ হিসেবে, ‘ফ্র্যাঞ্চাইজিদের জন্য এটা বিরাট ধাক্কা। তারা ক্ষতির সম্মুখীন হতে পারে। আমরাও হতে পারি। তবে আমরা মনে করছি, আমাদের ওপর একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা নিয়ে আমরা ভালোভাবেই বিপিএল সম্পন্ন করতে পারব।’এই চ্যালেঞ্জে পিছু না হটার জন্য অন্তত বাহবা পেতেই পারে বিসিবি!