কারা সেই সেরা ১২ জন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুখে হাসি, চোখে স্বপ্ন। এয়ারটেল রাইজিং স্টারসের চূড়ান্ত বাছাইয়ের আগে সারি বেঁধে দাঁড়িয়ে কিশোর ফুটবলাররা। গতকাল বিকেএসপির মাঠে । প্রথম আলো
মুখে হাসি, চোখে স্বপ্ন। এয়ারটেল রাইজিং স্টারসের চূড়ান্ত বাছাইয়ের আগে সারি বেঁধে দাঁড়িয়ে কিশোর ফুটবলাররা। গতকাল বিকেএসপির মাঠে । প্রথম আলো

আকাশে মেঘ বলে কিছু ছিল না। ঝলমলে রোদ্দুর। সেই রোদে চকচক করছিল কিশোরদের চোখ। তবে রোদের চেয়ে তা উত্তেজনার কারণেই বেশি। আর মাত্র তিন দিন, তার পরই ওল্ড ট্রাফোর্ডের টিকিট নিশ্চিত করার সুযোগ বলে কথা! গত বছরের ২১ আগস্ট থেকে দ্বিতীয়-বারের মতো শুরু হয়েছে এয়ারটেল রাইজিং স্টারস প্রতিযোগিতা। গতকাল বৃহস্পতিবার ‘কিক-অফ’ হলো এর চূড়ান্ত পর্বের। বেলা ১টায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মাঠে চূড়ান্ত পর্বের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন প্রতিযোগিতার আয়োজক মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান এয়ারটেলের বিপণন যোগাযোগের প্রধান রাহাত আহমেদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও বিকেএসপির আট কোচসহ অন্যরা। প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৬ বছর বয়সী ১২০ খুদে ফুটবলারের মধ্য থেকে বেছে নেওয়া ১২ জন পাবে ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার সুযোগ। সেখানে তারা পাবে একাডেমির প্রশিক্ষণ ও তারকা ফুটবলারদের খেলা দেখার সুযোগ। ২৪ ফেব্রুয়ারি ম্যানচেস্টার ইউনাইটেড সকার স্কুলের চার কোচ সেরা ১২ জন খেলোয়াড়কে খুঁজে বের করবেন। আয়োজনের সহযোগী হিসেবে আছে প্রথম আলো ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন। চ্যানেল আই, ইনডিপেনডেন্ট টেলিভিশন ও রেডিও ফুর্তি আছে প্রচার সহযোগী হিসেবে।
গত বছরের ১-১৫ সেপ্টেম্বর নিজ নিজ স্কুলের নামে নিজেদের নাম নিবন্ধন করেছিল খুদে ফুটবলাররা। শেষমেশ অংশ নিয়েছিল ৯৯২টি স্কুলের প্রায় ১০ হাজার শিক্ষার্থী। তারপর দেশের সব জেলাকে ২৪টি কেন্দ্রে ভাগ করে নকআউট টুর্নামেন্টের মাধ্যমে বাছাই করা হয় ১২০ জনকে। তবে কাল বিকেএসপিতে এসেছিল ১১৫ জন! বাকি পাঁচজন কোথায়? খোঁজ নিয়ে জানা গেল, তারা তখনো পথে! ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজটই নষ্টের গোড়া। তবে এমন টুকটাক বাধা খুদে ফুটবলারদের কাছে নস্যি। সারা দেশের প্রায় ১০ হাজার খুদে ফুটবলারকে টপকে এত দূর আসা তো আর চাট্টিখানি কথা নয়। তেমনটাই বোঝা গেল কক্সবাজারের টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীপড়ুয়া ওমর সাদেকের কথায়, ‘শক্ত লড়াই করে আসতে হয়েছে এখানে। আবার নতুন করে লড়াই শুরু হলো। আশা আছে, ইউনাইটেডে যাব। নতুন কিছু শিখতে পারব। বড় হয়ে ফুটবলারই হতে চাই।’
‘কিশোর ফুটবলারদের এমন স্বপ্নের মঞ্চই তৈরি করে দিতে চায় এয়ারটেল’—বলছিলেন প্রতিষ্ঠানটির বিপণন যোগাযোগের প্রধান রাহাত আহমেদ, ‘গতবার আমরা দারুণ সাড়া পেয়েছিলাম খুদে ফুটবলারদের কাছ থেকে। এবারও আমরা দারুণ রোমাঞ্চিত। এয়ারটেল মূলত তরুণদের ব্র্যান্ড। তাই আমরা চাই তরুণ-কিশোরদের জন্য নতুন কিছু করতে। আমরা চাই খুদে ফুটবলারদের এই “প্যাশন” যেন “প্রফেশনে” রূপান্তরিত হয়। এর জন্য অবশ্য দীর্ঘমেয়াদি পরিচর্যা দরকার। এ ক্ষেত্রে বাফুফের পাশাপাশি আমাদের ক্লাবগুলোকেও এগিয়ে আসতে হবে।’
ভবিষ্যতে কী হবে—তা নিয়ে ভাবার সময় নেই খোকন মিয়ার। জামালপুরের বকশীগঞ্জের নূর মোহাম্মদ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর এই ফুটবলারের দিন কাটছে ফুটবল-রোমাঞ্চেই, ‘এখানে এসে খুব ভালো লাগছে। ফুটবল খেলতে সব সময় ভালো লাগে। এমন প্রতিযোগিতা হলে তো আরও মজা। বড় হয়ে কী করব জানি না, কিন্তু আপাতত ফুটবলই খেলতে চাই।’
‘আপাতত’ সেটাই হলো কালও। কিক-অফের পরে ফটোসেশনের জন্য সবাইকে দাঁড়াতে হলো হাসি হাসি মুখ করে। তারপর বিরতি শেষে বাফুফে ও বিকেএসপির আটজন কোচ—আবদুর রাজ্জাক, মাহবুব হোসেন, জাভেদ হোসেন, মাকসুদুল আমিন, শেখ শুক্কুর মোহাম্মদ, হাসান ইমাম, হাসান আল মাসুদ ও পরিতোষ দেওয়ান দিলেন হালকা-পাতলা প্রশিক্ষণ। প্রথম দিন বলেই হয়তো ওয়ার্মআপ ও টুকটাক প্রশিক্ষণেই খুশি সবাই। ওয়ার্মআপের পরে ছোট ছোট দলে হলো ছোট ছোট ম্যাচ। তাতেও ভীষণ সিরিয়াস সবাই। এর মাঝেই চলল পরিচয়পর্ব সেরে নেওয়ার পালা। দেশের নানা প্রান্ত থেকে এসে নতুন নতুন সঙ্গী পেয়ে প্রায় সবাই বেশ খুশি। তবে প্রথম দিনই সবার নাম না-জানার ব্যাপারটি স্পষ্ট ছিল ম্যাচের সময়। প্রায় সবাই বল চাইতে গেলে, ‘এই যে ভাইয়া, এদিকে দাও, এদিকে দাও’ করে গলা ফাটাল পুরোটা সময়! ম্যাচ শেষে বিকেলে খানিক সময় নিয়ে খুদে ফুটবলারদের কিছু কথা বললেন কোচরা। ফুটবল খেলার পাশাপাশি যে আরও অনেক কিছুই মেনে চলার আছে, মোদ্দাকথা সেসবই।
একঝাঁক খুদে ফুটবলার দেখে বরাবরের মতোই আশাবাদী কোচদের প্রধান আবদুর রাজ্জাক, ‘এটা আসলে যতটা না প্রতিযোগিতা তার থেকে বেশি উৎসব। এয়ারটেল রাইজিং স্টারস জাতিকে জানান দিচ্ছে, আমাদের আরও অনেক প্রতিযোগিতা প্রয়োজন। আগে তো অনেক অনেক প্রতিযোগিতা হতো কিশোরদের নিয়ে। কিন্তু গত ৫-৬ বছর তা আর হচ্ছে না। এতে করে ফুটবলে একটা সেশনজট তৈরি হয়েছে। সে ক্ষেত্রে এয়ারটেলকে সাধুবাদ জানাতেই হয়। নিঃসন্দেহে এমন উদ্যোগ আমাদের ফুটবলকে এগিয়ে নেবে এবং এই কিশোরেরাই আগামী দিনে জাতীয় ফুটবলের নেতৃত্ব দেবে।’