কারাকাস থেকে রিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক-দুজন নয়, প্রায় ৫০ হাজার স্বেচ্ছাসেবী কাজ করবেন রিও অলিম্পিকে। এঁদের মধ্যে ফ্রাঙ্ক অলমসের গল্পটা একেবারেই অন্য রকম। ভেনেজুয়েলা থেকে বাস-বিমানে তিন দিনের যাত্রায় প্রায় সাড়ে ৬ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছেছেন রিওতে!
২৬ বছর বয়সী ফ্রাঙ্ক পেশায় স্কুলশিক্ষক। ২০১৩ সালে প্রথমবারের মতো বিশ্ব যুব সম্মেলনে যোগ দিতে রিও ডি জেনিরোতে আসেন। তখনই ঠিক করে ফেলেছিলেন, তিন বছর পর অলিম্পিকে কাজ করবেন। কিন্তু বললেই তো হলো না, ব্রাজিলে আসা-যাওয়ার টাকা যে নেই! কারাকাসের এই তরুণ নিজের অল্প কিছু সম্পদ বিক্রি করলেন। বন্ধুবান্ধবের সাহায্যও কিছু পেলেন। শেষ পর্যন্ত কারাকাস থেকে দুই দিনের পথ পেরিয়ে পৌঁছালেন ব্রাজিলিয়ান সীমান্তে।
সেখানে প্রায় ৯ ঘণ্টা অপেক্ষার পর ওপারে যাওয়ার অনুমতি মিলল। কিন্তু সেখান থেকে রিও আবার ৫ হাজার কিলোমিটার দূরে, বিমান ছাড়া যাওয়া মুশকিল। আগেরবার ব্রাজিলে এসেও কিছু বন্ধু পেয়েছিলেন, তারাই ফ্রাঙ্কের জন্য হাজার ডলার দিয়ে একটা বিমান টিকিটের ব্যবস্থা করেন। এরপর বোয়া ভিস্তা থেকে মানাউস, সাও পাওলো হয়ে অবশেষে পৌঁছান রিওতে। রিও ২০১৬ ডটকম।