কারাগারে কষ্টে আছেন বাট
লন্ডনের কারাগারে দিনগুলো খুব কষ্টে কাটছে স্পট ফিক্সিংয়ের অভিযোগে দণ্ডাদেশ পাওয়া পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাটের। পরিবারকে খুব মিস করছেন তিনি। বিশেষ করে সদ্যজাত ছেলেকে দেখার জন্য মরিয়া হয়ে রয়েছেন তিনি। কারাগারে পাঠানোর পর থেকে এখন পর্যন্ত পরিবারের কোনো সদস্যের সঙ্গেই তাঁর দেখা হয়নি। বাটের এক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে।এদিকে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করেছেন সালমান বাট। আজ বুধবার এ খবর জানিয়েছেন বাটের আইনজীবী ইয়াসিন প্যাটেল।গত বছর অনুষ্ঠিত লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের মাধ্যমে গোপনে অবৈধ অর্থ নেওয়া ও প্রতারণা করার অপরাধে গত সপ্তাহে পাকিস্তানি ক্রিকেটার সালমান বাটকে দুই বছর ছয় মাস, মোহাম্মদ আসিফকে এক বছর এবং মোহাম্মদ আমিরকে ছয় মাসের কারাদণ্ড দেন লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন আদালত।ইয়াসিন প্যাটেল বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘আমি নিশ্চিত করতে পারি, বাটের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে। এখন আপিলের শুনানির অপেক্ষায় আছি আমরা।’