কারাগারে বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি বন্দী কারাগারে...’—গানটা বন্দীদের হাহাকারই তুলে ধরে। চারদেয়ালের ভেতরে বন্দী, স্বাভাবিক দুনিয়ার সঙ্গে বিচ্ছিন্ন! তাই বলে বিশ্বকাপ দেখার আনন্দ থেকে বঞ্চিত কেন হবেন কারাবন্দীরা! ভারতের মতো ক্রিকেট-পাগল দেশে হলে তো নয়ই। ভারতের উত্তর-পূর্বের রাজ্য আসামের গুয়াহাটির এক কারাগারের সাতজন বন্দী তাই উচ্চ আদালতে আবেদন করেছিলেন, যাতে তাঁদের বিশ্বকাপ দেখার সুযোগ করে দেওয়া হয়। আবেদনে বলা হয়েছিল, ‘খবর, খেলাধুলা, বিনোদনের জন্য টেলিভিশন দেখা ভারতে সংবিধানস্বীকৃত মৌলিক অধিকার।’ আবেদন গৃহীত হয়েছে, এক বিচারপতি ‘কয়েদিদের চিত্তবিনোদনের প্রয়োজন রয়েছে’ উল্লেখ করে পাঁচ দিনের মধ্যে কেব্ল সংযোগসহ টেলিভিশন সেট দেওয়ার নির্দেশ দিয়েছেন। যথারীতি কাজও শুরু হয়েছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা, ‘আমরা আদালতের নির্দেশ মানতে বাধ্য। নির্ধারিত পাঁচ দিনের মধ্যেই কেব্ল সংযোগসহ টেলিভিশন সেট বসানোর কাজ শেষ হবে।’ বিশ্বকাপ দেখা থেকে বাদ যাবে না কেউ! এএফপি।