কারাগারে মতিউর মুন্না
ভালোবেসে বিয়ে করেছিলেন ১১ বছর আগে। পাঁচ বছরের একটি মেয়েও আছে ফুটবলার মতিউর মুন্নার। কিন্তু কয়েক বছর ধরে তাঁদের দাম্পত্য সম্পর্কটা মোটেও ভালো যাচ্ছিল না। অভিযোগ আছে, স্ত্রী ফারহানা হোসেনকে (রুমি) প্রায়ই শারীরিক নির্যাতন করতেন, যৌতুক চাইতেন। এমনকি হত্যার হুমকিও দেন ফারহানাকে। স্বামীর বিরুদ্ধে এই অভিযোগ এনে ফারহানা গত ২৮ জানুয়ারি ঢাকার নারী ও শিশু আদালতে মামলা করেন। মামলায় শেষ পর্যন্ত কারাগারে যেতে হলো জাতীয় দলের সাবেক অধিনায়ক মতিউর মুন্নাকে।মামলার বাদীপক্ষের আইনজীবী দিলরুবা শারমিন প্রথম আলোকে জানান, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(খ) ধারায় মামলাটি হয়েছে। বিচার বিভাগীয় তদন্তের পর তাঁর বিরুদ্ধে প্রতিবেদন দেওয়া হয়। তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। কিন্তু নারী ও শিশু আদালত-৪ সেটি নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’ অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে মুন্নার।