কারাদণ্ড চান আমিরও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিক্সিংয়ে জড়িতদের কারাদণ্ড দেওয়ার পক্ষে আমির ছবি: রয়টার্স
ফিক্সিংয়ে জড়িতদের কারাদণ্ড দেওয়ার পক্ষে আমির ছবি: রয়টার্স

লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের ঘটনায় পাঁচ বছরের নিষেধাজ্ঞায় আছেন। যুক্তরাজ্যে ছয় মাসের কারাদণ্ড হয়েছিল। ভালো আচরণ করায় অর্ধেক সাজা খেটেই কারাগার থেকে মুক্তি পান মোহাম্মদ আমির। নিষেধাজ্ঞার ও জেলের ঘানি টেনেছেন তাঁর দুই সতীর্থ সালমান বাট ও মোহাম্মদ আসিফও। ফিক্সিংয়ের ঘটনায় কোনো আন্তর্জাতিক ক্রিকেটারের কারাদণ্ড ভোগ করার ঘটনা ছিল সেটাই প্রথম।

ক্রিকেটে ফিক্সিংয়ে জড়িত থাকলে বড়জোর সংশ্লিষ্ট ক্রিকেটারকে নিষিদ্ধ করতে পারে আইসিসি। তবে ক্রিকেট-দুর্নীতি রোধে এটাকে যথেষ্ট বলে মনে করছেন না ২১ বছর বয়সী আমির। নিষেধাজ্ঞায় থাকা পাকিস্তানি এই ফাস্ট বোলারের বিশ্বাস, কঠোর কারাদণ্ডই কেবল ক্রিকেটারদের এসব অনৈতিক ঘটনা থেকে দূরে রাখতে পারে। জিও স্পোর্টস চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে সেটাই বললেন আমির, ‘ক্রিকেট ম্যাচে ফিক্সিংকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা উচিত। আর এর শাস্তি হওয়া উচিত কঠোর কারাদণ্ড। তাহলেই কেবল অবৈধ প্রস্তাব পেলে তা আইসিসির দুর্নীতিবিরোধী কর্মকর্তা বা নিজেদের ম্যানেজমেন্টকে নির্ভয়ে জানাবে ক্রিকেটাররা।’

আইসিসির আইন সংশোধনের আহ্বানও জানিয়েছেন আমির, ‘আমি বড় ভুল করেছি। এর মাশুলও দিচ্ছি। অন্যদের এসব থেকে দূরে রাখতে আইসিসির দুর্নীতিবিরোধী আইন আরও কঠোর করতে হবে। কোনো সফর বা টুর্নামেন্ট চলাকালে ক্রিকেটার ও কর্মকর্তাদের ফোনে আড়ি পাততে পারে আইসিসি। আইনি জটিলতা এড়াতে স্থানীয় পুলিশের সহায়তাও তারা নিতে পারে।’

আন্তর্জাতিক ক্রিকেটে আমিরের অভিষেক ২০০৯ সালের মাঝামাঝিতে। অল্প দিনেই তিনি হয়ে উঠেছিলেন পাকিস্তানের নতুন দিনের প্রতীক। অনেকে তাঁকে দেখছিলেন ‘নতুন ওয়াসিম আকরাম’ হিসেবে। সবচেয়ে কম বয়সী বোলার হিসেবে তিনি শিকার করেন টেস্টে ৫০ উইকেট। অথচ সেই আমির পা হড়কে কলঙ্কিত হয়েছেন লোভের ফাঁদে পড়েই। এখন করছেন তারই প্রায়শ্চিত্ত। সূত্র: রয়টার্স।