কারামুক্ত বাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেল থেকে একটু তাড়াতাড়িই ছাড়া পেয়ে গেলেন সালমান বাট। ২০১০ সালে ইংল্যান্ডে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে ৩০ মাসের কারাদণ্ডাদেশ ভোগ করছিলেন পাকিস্তানের এই সাবেক অধিনায়ক। কিন্তু সাত মাস শাস্তি ভোগের পরই জেল থেকে মুক্তি পেয়েছেন বাট। এখন তিনি নিজ দেশেও ফিরতে পারবেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।বিদেশি বন্দীদের মুক্তি দেওয়ার একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমেই মূলত সালমান বাট ৩০ মাসের কারাদণ্ড সাত মাস ভোগ করেই ছাড়া পেলেন। বৃহস্পতিবারই তিনি পাকিস্তান পৌঁছবেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী। মুক্তি পাওয়ার পর আগামী ১০ মাস ইংল্যান্ড ভ্রমণে নিষেধাজ্ঞা থাকবে তাঁর। তবে এতে কিছু আসে যায় সালমান বাটের। কারামুক্তি ঘটছে, এর চেয়ে বড় স্বস্তি আর কীসে পাবেন তিনি!দেশে ফিরেই নতুন জীবন শুরু করবেন তিনি। ক্রিকেটে পুনরায় ফেরার ইচ্ছাটাও মরে যায়নি। সবচেয়ে বড় কথা দেশে ফিরেই তিনি প্রথমবারের মতো দেখবেন গত নভেম্বরে জন্ম নেওয়া সন্তানকে। সময়টা আবেগঘনই হবে বাটের জন্য। দীর্ঘদিন মানসিক চাপ, ভোগান্তি আর অপমানের মধ্যে কেটেছে বাটের জীবন। দেশে ফিরে আত্মীয়-পরিজনের মধ্যে মুক্তির আনন্দ ভোগটাও মন্দ হবে না বাটের জন্য।২০১০ সালে স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার দায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয় তিন পাকিস্তানি ক্রিকেটার সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরকে। গত মাসে ছয় মাস সাজাভোগের পর মুক্তি পেয়েছিলেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আসিফ। আর গত ফেব্রুয়ারিতে তিন মাস জেলখানায় কাটিয়ে মুক্তি পেয়েছিলেন আরেক পেসার মোহাম্মদ আমির।