কারেনের করুণ মৃত্যু
প্রতিদিনের মতোই সকালে জগিংয়ে বেরিয়েছিলেন। আচমকাই মূর্ছা গেলেন, আর উঠতে পারেননি। মানুষের মৃত্যু কখন কীভাবে আসে, কেউ ধারণাও করতে পারে না। চিরন্তন সত্যটাই কাল আরেকবার মনে করিয়ে দিল কেভিন কারেনের মৃত্যু। সাবেক জিম্বাবুয়ের অলরাউন্ডার ও কোচের মৃত্যুর মূল কারণটা জানা যায়নি এখনো।বয়স এমন কিছু হয়নি, মাত্রই ৫৩ পূর্ণ করেছেন গত মাসে। কারেনের এমন মৃত্যু সবাইকে অবাক করছে আরেকটা কারণে, সুস্বাস্থ্যের প্রতীক হিসেবেই সবাই দেখত তাঁকে! সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে কারেনের সাবেক সতীর্থ, শিষ্য, বন্ধু, পরিচিত সবার একই হাহাকার—এমন স্বাস্থ্যসচেতন একজন মানুষের এভাবে মৃত্যু মেনে নেওয়া কঠিন। টেস্টপূর্ব যুগে জিম্বাবুয়ের সেরা ক্রিকেটারদের একজন ছিলেন কারেন। ১৯৮৩ ও ১৯৮৭ বিশ্বকাপ মিলিয়ে খেলেছেন ১১টি ওয়ানডে। ২ ফিফটিতে রান করেছেন ২৮৭, সঙ্গে ৯ উইকেট। কারেনের সেরাটা দেখা গেছে আসলে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে। দক্ষিণ আফ্রিকায় খেলেছেন বোল্যান্ড ও নাটালে, ইংলিশ কাউন্টিতে গ্লস্টারশায়ার ও নর্দাম্পটনশায়ারের হয়ে। ২৫টি সেঞ্চুরিতে প্রথম শ্রেণীর ক্রিকেটে রান ১৬ হাজারের কাছাকাছি, সঙ্গে মিডিয়াম পেসে ৬০৫ উইকেট। ১৯৯৯ সালে প্রথম শ্রেণীর ক্রিকেট ছাড়ার পর কিছুদিন সহকারী কোচ ছিলেন জিম্বাবুয়ের, পরে দায়িত্ব নেন নামিবিয়ার। ২০০৫ সালে মূল কোচের দায়িত্ব নিয়ে ফেরেন জিম্বাবুয়েতে, ছিলেন ২০০৭ পর্যন্ত। মৃত্যুর আগে ছিলেন ঘরোয়া ক্রিকেটের দল মাশোনাল্যান্ড ইগলসের কোচ। ঘরোয়া টি-টোয়েন্টিতে গতকাল ও আজ ইগলসের খেলা হওয়ার কথা ছিল মুতারেতে। দুটো ম্যাচই বাতিল করা হয়েছে। দলের সঙ্গেই মুতারে গিয়েছিলেন কারেন। কে জানত, সেখানেই অপেক্ষা করছে মৃত্যু! ওয়েবসাইট।