কার্ডিফের উইকেট ‘অবিশ্বাস্য কঠিন’!
উইকেটে নিউজিল্যান্ডের শেষ জুটি। ড্রেসিংরুমে বসে নখ কামড়াচ্ছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। পাশেই বসা বড় ভাই নাথান ম্যাককালামের চোখে-মুখে অন্ধকার। দুই ভাই মিলে খাদের কিনারা থেকে টেনে তুলেছিলেন দলকে। কিন্তু দুর্দান্ত দুটি বলে দুজনকেই পরপর ড্রেসিংরুমে পাঠিয়ে দিয়েছেন লাসিথ মালিঙ্গা। শেষ পর্যন্ত নখ কামড়ানো উত্তেজনার সমাপ্তি দিলশানের ওয়াইডে। লাফিয়ে উঠে দুই ভাই জড়িয়ে ধরলেন পরস্পরকে। ১৩৮ রান তাড়া করতে গিয়েই হারতে বসা, শেষ পর্যন্ত কোনো রকমে ১ উইকেটে জয়। তার পরও ম্যাককালাম উচ্ছ্বসিত। জয়ের ব্যবধান যত সামান্য হোক, পয়েন্ট তো সেই দুই-ই! ম্যাচটা এমন কম রানের হওয়ায় কিউই অধিনায়ক দায় দেখছেন উইকেটের, ‘আজকের উইকেট ব্যাটিংয়ের জন্য ছিল অবিশ্বাস্য রকমের কঠিন। ১৩৮ রান তাড়া করে জয় প্রতিদিনই প্রত্যাশিত। কিন্তু উইকেট যদি এমন টার্নিং হয়, বল থেমে আসে, নিচু হয়, সুইং করে আর রুদ্রমূর্তির মালিঙ্গাকে সামলাতে হয়, তাহলে ১৩০ রানও হঠাৎ করে অনেক বড় লক্ষ্য মনে হয়। এমন কন্ডিশনে শ্রীলঙ্কা দারুণ দল, শেষ পর্যন্ত মহামূল্যবান দুটি পয়েন্ট পাওয়াই তাই গুরুত্বপূর্ণ।’ যে উইকেটে ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচে রান উঠেছিল প্রায় সাড়ে ছয় শ, তাতেই ১৩৮ তাড়া করতে ত্রাহি মধুসূদন অবস্থা কিউইদের। ম্যাককালামের দাবি সত্য হলে, উইকেটের চরিত্র রাতারাতি বদলে গেছে। যদিও খেলা দেখে উইকেট এতটা কঠিন মনে হয়নি। বরং দুই দলের ব্যাটসম্যানদের বাজে শট খেলার প্রতিযোগিতাই চোখে লেগেছে বেশি।নিউজিল্যান্ডের পরের ম্যাচ তাসমান প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিপক্ষে, আগামীকাল এজবাস্টনে। ওয়েবসাইট।