কার্যকর নয় একাডেমি ব্যবস্থাপনা কমিটিই!
শাকিল কাসেমের পদত্যাগের পর কে হবেন জিপি-বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমি ব্যবস্থাপনা কমিটির নতুন প্রধান? আপাতত কেউই হচ্ছেন না, কারণ বোর্ডের একটা সিদ্ধান্ত অনুযায়ী কমিটিটা অকার্যকর হয়ে পড়েছে আগেই!শাকিল কাসেম পদত্যাগ করেছেন গত শনিবার। কিন্তু তিনি যে কমিটির প্রধান ছিলেন, সেই জিপি-বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমি ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত নাকি বোর্ডের গত সভার আগের সভায়ই হয়ে গেছে! বিসিবি সূত্র জানিয়েছে, সভায় বোর্ডের একাধিক পরিচালক কমিটিটি গঠনতন্ত্র মোতাবেক হয়নি বলে অভিযোগ তোলেন। তাঁদের দাবি, গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থাপনা কমিটি কাজ করবে গেম ডেভেলপমেন্ট কমিটির অধীনে, সরাসরি বিসিবির অধীনে নয়। এর পর বোর্ড সভাপতি কমিটি পুনর্গঠন করার সিদ্ধান্ত দেন। পুনর্গঠনের কাজটি করার কথা বিসিবির ডেভেলপমেন্ট কমিটির।ডেভেলপমেন্ট কমিটির প্রধান আমিনুল হকের কাছে কাল এ ব্যাপারে জানতে চাইলে তিনি কিছু বলতে রাজি হননি। মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস অবশ্য কমিটি পুনর্গঠনের সিদ্ধান্তের কথা স্বীকার করে বলেছেন, ‘বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এই কমিটির আর কার্যকারিতা নেই। বোর্ড মনে করেছে, কমিটিটা গঠনতন্ত্র অনুযায়ী হয়নি, সে কারণেই গত সভার আগের সভায় সেটা পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।’শাকিল কাসেম কমিটি পুনর্গঠনের আগেই দিয়ে দিয়েছেন তাঁর পদত্যাগপত্র। তবে জালাল ইউনুসের মনে হচ্ছে, সিদ্ধান্তটা তাড়াহুড়া করে নিয়েছেন তিনি, ‘আরও কয়েকটা দিন অপেক্ষা করতে পারতেন তিনি, আমাদের সঙ্গে আলোচনাও করতে পারতেন। সিদ্ধান্তটা একটু তাড়াহুড়া করে নিয়েছেন বলে মনে হচ্ছে।’