কার্লসেনকেই সেরা মানলেন আনন্দ
শিরোপার লড়াইটা শেষ ম্যাচ পর্যন্ত নিয়ে যেতে জয়ের কোনো বিকল্প ছিল না। কিন্তু বিশ্বনাথন আনন্দ সেটা পারলেন না, ১১তম ম্যাচটা জিতে এক ম্যাচ বাকি থাকতেই টানা দ্বিতীয়বারের মতো বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ জিতলেন নরওয়ের ম্যাগনাস কার্লসেন।
১১ ম্যাচের দুটি জিতেছেন কার্লসেন, বাকিগুলো হয়েছে ড্র। ২০০৭ থেকে ২০১৩ পর্যন্ত টানা চ্যাম্পিয়ন ছিলেন আনন্দ। এবার কি তাহলে শুরু হলো কার্লসেন-যুগ? নরওয়ের ২৩ বছর বয়সী দাবা-বিস্ময় অবশ্য অত দূর ভাবছেন না, ‘আমি খুবই খুশি, ম্যাচটা গত বছরের চেয়ে অনেক কঠিন ছিল। আনন্দ খুবই কঠিন একজন প্রতিদ্বন্দ্বী, তবে এবার তার কোনো সুযোগ ছিল না।’ আনন্দও স্বীকার করে নিলেন, প্রতিদ্বন্দ্বীর শ্রেষ্ঠত্ব, ‘পুরো ম্যাচে সে আমার চেয়ে ভালো খেলেছে। আমার ঝুঁকি নেওয়া ছাড়া উপায় ছিল না। কিন্তু ও কোনো ভুল করেনি।’ পুরস্কার হিসেবে ১০ লাখ ইউরো পাচ্ছেন কার্লসেন। ২৪তম জন্মদিনের এক সপ্তাহ আগে এর চেয়ে বড় উপহার আর কী হতে পারে? এএফপি।